আইএসের পক্ষে প্রথম ভারতীয় আত্মঘাতী হামলাকারী?
তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে এক তরুণ জঙ্গি সংগঠন আইএসের পক্ষে ইরাক বা সিরিয়ায় আত্মঘাতী হামলায় অংশ নিয়েছেন—এমন তথ্যের সত্যতা যাচাই করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ঘটনাটি সত্যি হলে ওই তরুণই হবেন বিশ্বের কোথাও আত্মঘাতী বোমা হামলায় জড়িত প্রথম ভারতীয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আইএস ও আল-কায়েদার সম্প্রতি গঠিত ভারতীয় উপমহাদেশ শাখা কাইদাত আল জিহাদ বা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো জঙ্গি গোষ্ঠীগুলোয় ইতিমধ্যে ২০ থেকে ৩০ জন ভারতীয় তরুণের অন্তর্ভুক্তির খবর পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এতে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, এসব জঙ্গি ভারতে ফিরে আসার সুযোগ পেলে দেশটিতে আইএসের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আত্মঘাতী জঙ্গি তৎপরতায় ভারতীয়দের অংশগ্রহণে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
এর আগে সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, ইরাকে আইএসের পক্ষে লড়াইয়ে অংশ নেওয়া ভারতীয় চার তরুণের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।