আইএসের হুমকির ব্যাপারে ভারতে সতর্কতা
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হুমকির ব্যাপারে সতর্ক রয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ মঙ্গলবার এ কথা বলেছেন। এ ব্যাপারে দেশটির রাজ্যে সরকারগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ সাংবাদিকদের বলেন, আইএস কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই হুমকি। ভারত এ ব্যাপারে সতর্ক রয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ কথা বললেন। এছাড়া ভারত আইএসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের প্রতি ‘দৃঢ় সমর্থনের’ ঘোষণাও দিয়েছে।
খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের এক তরুণ গত বছর প্রায় ছয় মাস আইএসের সঙ্গে কাটিয়ে দেশে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইএসের পক্ষে লড়াই করে এ পর্যন্ত ছয়জন ভারতীয় নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গত সেপ্টেম্বরে চার ভারতীয় নাগরিককে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে দেশে ফেরত পাঠিয়েছে। একই মাসে ইউএই ৩৭ বছর বয়সী ভারতীয় নারী আফসা জাবিনকে ফেরত পাঠায়। তিনি আইএসে সদস্য নিয়োগের প্রক্রিয়ায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ পর্যন্ত সিরিয়ায় গিয়ে আইএসের হয়ে যুদ্ধ করতে ইচ্ছুক সন্দেহে ১৭ জন ভারতীয়কে আটকানো হয়েছে। তাঁদের বেশির ভাগই নতুন রাজ্যে তেলেঙ্গানার।