আইনজীবী রাখার পয়সা নেই হানিপ্রীতের

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত অর্থাভাবে আছেন। এ কারণে নিজের পক্ষে মামলা লড়তে আইনজীবী রাখতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। হানিপ্রীতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হরিয়ানার রোহতাক কারাগার কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে তিনি এসব লিখেছেন।
কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে হানিপ্রীত লিখেছেন, তাঁর কাছে কোনো টাকা-পয়সা নেই। এ কারণে তিনি মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিতে পারছেন না। তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখেছেন তদন্ত কর্মকর্তারা। তাই তিনি কোনো অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারছেন না।
হানিপ্রীত কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে লিখেছেন, তাঁকে যেন ওই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়। তাহলে তিনি মামলা লড়তে আদালতে আইনজীবী নিয়োগ করতে পারবেন।

গত ২৫ আগস্ট দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। এতে রাম রহিমের সমর্থকেরা পঞ্চকুলা এলাকায় তাণ্ডব শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৩৮ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে গত ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।
সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতির রায়ে রাম রহিম যেদিন দোষী সাব্যস্ত হন, সেদিন হানিপ্রীত হরিয়ানার পঞ্চকুলা আদালতে ছিলেন। সেদিনই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই তাণ্ডবের নির্দেশ হানিপ্রীতেরই দেওয়া। হানিপ্রীতের বিরুদ্ধে পুলিশ দেশদ্রোহের অভিযোগ এনেছে। অভিযোগ, দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে নিয়ে দেশ ছাড়ার চক্রান্তও করেছিলেন তিনি।
গত ৩ অক্টোবর চণ্ডীগড় থেকে হানিপ্রীতকে গ্রেপ্তার করা হয়। হানিপ্রীতসহ ১৪ জনের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর অভিযোগপত্র জমা দিয়েছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্ত দল।