আইনজীবীর মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রী নির্ভয়ার ধর্ষকদের দুই আইনজীবীর কাছে ওই ঘটনার বিষয়ে তাঁদের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট নারী আইনজীবী সমিতির করা এ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। খবর এনডিটিভির।
ইন্ডিয়া’স ডটার নামের আলোচিত প্রামাণ্যচিত্রে নির্ভয়াকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার দণ্ডিত ব্যক্তির আইনজীবী এম এল শর্মা এবং এ কে সিংয়ের বক্তব্য আছে। কার্যত নির্ভয়ার সমালোচনা করে করা ওই বক্তব্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আবেদনে ওই দুই আইনজীবীর ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, ওই দুই আইনজীবীর মন্তব্য পক্ষপাতদুষ্ট, অবমাননাকর, অমানবিক এবং নীতিভ্রষ্ট।
তবে অভিযুক্ত দুই আইনজীবীর একজন এম এল শর্মার দাবি, তাঁর দৃষ্টিভঙ্গিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘প্রামাণ্যচিত্রটির নির্মাতা ১০ দিন ধরে আমার সাক্ষাৎকার নিয়েছেন। দেখিয়েছেন মাত্র এক লাইন।’ অপর অভিযুক্ত আইনজীবী এ কে সিং তাঁর বক্তব্যকে প্রত্যাখ্যানকারীদের পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেন।