আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চায় রাজ্য বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চায় রাজ্য বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে হস্তক্ষেপ দাবি করেছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। গতকাল শুক্রবার বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীয়ের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি তোলে।

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া থেকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সময়ে শাসক দল তৃণমূলের সন্ত্রাসের নানা ছবি ও ভিডিও ক্লিপিংস রাজনাথ সিংয়ের হাতে তুলে দেন কৈলাশ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রতিনিধিদল দাবি করে, পঞ্চায়েত নির্বাচন থেকে এখন পর্যন্ত এই রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
বিজেপির প্রতিনিধিদলটি সম্প্রতি পুরুলিয়ায় বিজেপির ১৮ বছর বয়সী এক সমর্থক ত্রিলোচন মাহাতোর খুনে অভিযোগ তোলে। ত্রিলোচনের বাবা বিজেপি করতেন বলে ত্রিলোচনকে হত্যা করা হয়েছে। হত্যার পর তাঁর মৃতদেহ গাছে ঝুলিয়ে গায়ের জামায় হত্যার কথা লিখে যায় হত্যাকারীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি ত্রিলোচন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল রাজ্যব্যাপী পালন করে থানা ঘেরাও অভিযান। দিল্লিতেও বঙ্গভবনের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এই মিছিলের নেতৃত্ব দেন কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়।
গতকাল উত্তর ২৪ পরগনার হাবড়া থানা ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। এখানে প্রতিবাদ সমাবেশে দীলিপ ঘোষ পুলিশকে হুমকি দিয়ে বলেন, চামচাগিরি চলবে না। প্রয়োজনে পুলিশের উর্দি খুলে নেওয়ারও হুমকি দেন তিনি।
দীলিপ ঘোষ বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিদির পুলিশ কী করবে? কেন্দ্রীয় পুলিশ আসবে। বাবা বিজেপি করে বলে একটি ১৮ বছর বয়সী ছেলেকে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখবে—এটা কী ধরনের রাজনীতি। মানুষ এর জবাব দেবে। তিনি মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে বলেন, ‘তিন বছর পর দিদিমণি নবান্নে থাকবেন না কালীঘাটের বাড়িতে রান্না করবেন, সেটা ভাবুন।’
রাজ্যের অনেকগুলো থানার সামনে বিজেপির কর্মী-সমর্থকেরা ত্রিলোচন মাহাতোর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।