আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মস্কোর সঙ্গে চুক্তি করছে নয়াদিল্লি

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি নয়াদিল্লি পৌঁছান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে অংশ নেন পুতিন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের আনুষ্ঠানিক বৈঠক হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি বছরে মোদির সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ হচ্ছে পুতিনের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুতিনের এই সফরে রুশ-ভারত মোট ২০টি চুক্তি সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রধান বিষয় হবে, রাশিয়া থেকে ভারতের আমদানি আকাশ নিরাপত্তা ব্যবস্থা। প্রকাশিত তথ্য অনুযায়ী, রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা হলো এস-৪০০ ত্রিউমফ। ভারত তার প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে ৫০০ কোটি ডলারের বেশি চুক্তি করতে যাচ্ছে। প্রায় চার হাজার কিলোমিটারের দীর্ঘ চীন সীমান্তে নিজেদের শক্তিমত্তা ধরে রাখতেই ভারত অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করবে। তবে ইতিমধ্যেই চীন এই প্রতিরক্ষা মস্কোর কাছে থেকেই নিয়েছে। ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে চীন এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে রাশিয়ার কাছ থেকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোদি ও পুতিনের এই আলোচনা জুড়ে গুরুত্ব পাবে বিশ্বের চলমান নানান সমস্যা। এর মধ্যে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ্যযোগ্য। বৈঠকে বিশেষ করে ইরানের অপরিশোধিত তেল আমদানির বিষয়ও গুরুত্ব পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পুতিন শুক্রবার মোদির সঙ্গে বৈঠক করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পুতিনের।