আক্রমণের 'ডোজ' বাড়ালেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট প্রচারের ফাঁকে ‘মন কি বাত’-এ গতকাল রোববারও তাঁকে লাগল যথেষ্ট খোলামেলা। ক্রিকেট থেকে ফুটবল—সবকিছু নিয়েই নিজের ভাবনা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উগরে দিলেন ভারতের ‘মার্কেটিং ম্যানেজার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিন্তু এরপরও ‘রবিবাসরীয়’ নির্বাচনী জনসভায় মোদিকে অনেকটাই উদ্বিগ্ন মনে হলো। তাই হয়তো আসামে ভোট প্রচারে আক্রমণের ‘ডোজ’ও বাড়িয়ে দিলেন তিনি। শনিবারের পাঁচটি সভার তুলনায় রোববারের দুটি সভাতে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে ঝাঁঝ ছিল অনেক বেশি। সঙ্গে ছিল গরিব মানুষের প্রতি তাঁর সরকারের ‘অগাধ চিন্তাভাবনা’র বিচ্ছুরণ।
শনিবারের পর গতকাল সকালে ফের ১২৬ সদস্যের আসাম বিধানসভায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট চাইতে দিল্লি থেকে উড়ে আসেন প্রধানমন্ত্রী। অসমিয়া অধ্যুষিত রাঙাপাড়া এবং বাঙালি অধ্যুষিত বরাকের করিমগঞ্জে দুটি জনসভাতেই প্রচুর মানুষ ভিড় করেন তাঁর ভাষণ শুনতে। জনসাধারণের এই ‘মরম’ মোদি ‘সুদে আসলে’ পরিশোধ করার প্রতিশ্রুতিও দেন। রাঙাপাড়ায় ‘বিজয় সংকল্প সমাবেশ’-এ তিনি ভাষণ শুরুই করেন স্থানীয় জনসাধারণকে রঙালী বিহু উৎসবে অসমিয়া ভাষায় শুভেচ্ছা জানিয়ে। ঠিক তেমনি বাংলায় ভাষণ দিয়ে বরাক উপত্যকার মানুষের মন জয়েরও চেষ্টা করেন তিনি।
দুই জায়গাতেই তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন সরকারের ব্যাপক সমালোচনা করেন মোদি। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে আসামের মানুষ ‘কুশাসনই’ পেয়েছে। করিমগঞ্জের জনসভায় মোদি বাংলাদেশিদের ‘অনুপ্রবেশ’ প্রশ্নেও কংগ্রেসের সমালোচনা করেন। ঘোষণা করেন, ২০২৪-এর মধ্যে প্রত্যেক গরিব মানুষের মাথা গোঁজার জন্য ঘর দেবে তাঁর সরকার।
উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতির পরও মোদির কপালে চিন্তার ভাঁজ এদিনও পরিলক্ষিত হয়। ধর্ম ও ভাষার মিশ্র বসতির এই রাজ্যে ‘পড়াই, কামাই আর দাওয়াই (ওষুধ)’ দিয়ে যে ভোটে জেতা যাবে না সেটা বুঝেই এদিন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেই চাঁদমারি করেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের দেওয়া টাকা খরচই করতে পারেনি রাজ্য সরকার। তবে এদিনই পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সংবাদ সম্মেলনে তাঁর পাল্টা অভিযোগ, ‘মিছা কথা! অপপ্রচার চালাচ্ছেন মোদি। হারবেন জেনেই মার্কেটিং ম্যানেজার মোদি রাজ্যবাসীকে ভুল বোঝাতে চাইছেন!’ সেই সঙ্গে সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তার কথা বলে ‘ভোট-পার্টি গণিত’-এ কংগ্রেসের অ্যাডভান্টেজও স্মরণ করিয়ে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
এদিকে, কলকাতা প্রতিনিধি জানান, আসাম সফর শেষ করে নরেন্দ্র মোদি গতকাল পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেছেন, সারদা ও নারদা কেলেঙ্কারির মাধ্যমে মানুষের টাকা লুট করেছেন তৃণমূলের নেতারা। ৩৪ বছরে বামফ্রন্ট যেভাবে বাংলাকে ডুবিয়ে গেছে পাঁচ বছরে সেভাবেই ডুবিয়েছে তৃণমূল কংগ্রেস।
গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিএলআর রেল ময়দানে বিজেপি আয়োজিত এক বিশাল জনসভায় কথাগুলো বলেন মোদি। তিনি বলেন, একসময় এই বাংলা ছিল দেশের চালিকাশক্তি। আজ নেই। ৩৪ বছরে পশ্চিমবঙ্গে যে সর্বনাশ হয়নি গত পাঁচ বছরে তা হয়েছে।