আখাউড়া-আগরতলা রেলপথের কাজ আটকা
জমি অধিগ্রহণ আইনের জটিলতায় আটকে রয়েছে বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলা রেলপথ নির্মাণের কাজ। ভারতীয় অংশে প্রয়োজনীয় জমি অধিগ্রহণে দুই পক্ষ সম্মত হলেও আরও আড়াই মাস অপেক্ষা করতে হবে।
আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জমি অধিগ্রহণ অধিকর্তা পিকে দেব। তবে আইনি জটিলতার কারণে আরও আড়াই মাস রেলকে কাজ শুরুর জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।
জমি অধিগ্রহণের নয়া আইনে বলা আছে, আপত্তি জানানোর জন্য তিন মাস সময় দিতে হবে জমির মালিককে। সরকারি সূত্রে খবর, প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সমস্ত প্রক্রিয়া শেষ। এখন শুধু আপত্তি জানানোর সময় পার হলেই কাজ শুরু হবে। ৭ এপ্রিল ত্রিপুরায় নয়া রেলপথের সূচনা করতে আসছেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইন্দো-বাংলা রেলপথের অগ্রগতি নিয়েও তিনি খোঁজ নেবেন বলে আশা রেলকর্তাদের।
আখাউড়া থেকে আগরতলা রেলসংযোগের জন্য প্রয়োজন মাত্র ১৫ কিলোমিটার রেলপথ। এর মধ্যে ১০ কিলোমিটার বাংলাদেশে আর ৫ কিলোমিটার ভারতে। ভারতের ৫ কিলোমিটারের মধ্যে বেশির ভাগটাই হবে উড়াল রেল। জমি অধিগ্রহণপ্রক্রিয়া প্রায় শেষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মকর্তা ভাস্কর সরকার সাংবাদিকদের জানান, আখাউড়া পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথ নির্মিত হবে। এর খরচও ভারত সরকার বহন করছে। কাজ করবে ভারতীয় সংস্থা ইরিকন। তিনি আরও জানান, জমি অধিগ্রহণের জন্য এর মধ্যেই ৯৭ কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। জমি হাতে পেলেই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। পূর্বপরিকল্পনা মতো আগরতলা থেকে বাধারঘাট পর্যন্ত উড়াল রেলপথ হবে। আর চারিপাড়া থেকে মাটির ওপর দিয়ে রেল চলবে সীমান্তবর্তী নিশ্চিন্তপুর পর্যন্ত।
৭ মে রেলমন্ত্রী সুরেশ প্রভু ত্রিপুরা সফরে আসছেন। ত্রিপুরার উদয়পুর থেকে গর্জি নয়া ব্রডগেজ রেলপথের উদ্বোধন করবেন তিনি। রেলমন্ত্রীর সফরকালে কয়েকটি দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ইন্দো-বাংলা রেলপথেরও গতি আসবে বলে অনেকেরই আশা।