আগরতলায় ধর্মঘটে জনজীবন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগরতলায় কংগ্রেসের ডাকে গতকাল শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। নগর কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের ওপর করের বাড়তি বোঝা চাপাতে চাইছে—এই অভিযোগ তুলে করপোরেশন এলাকায় ওই ধর্মঘটের ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।

শহরে গতকাল সকাল থেকেই দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে গাড়ি খুব কম এবং স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই প্রায় বন্ধ ছিল। ত্রিপুরা পুলিশের এসপি (কন্ট্রোল রুম) উত্তম কুমার ভৌমিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাজ্যের ২ বিধায়কসহ ৬৫ জন পিকেটারকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা দাবি করেন, এই ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে। জনস্বার্থে কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। বিমান, রেল চলাচলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও ধর্মঘটের আওতার বাইরে ছিল।