আগরতলায় যেতে পারলেন না বাংলাদেশি প্রকাশকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় শুল্ক বিভাগের আপত্তিতে এবার আগরতলা পুস্তক মেলায় যোগ দিতে পারলেন না বাংলাদেশি প্রকাশকেরা। শুল্ক কর্তাদের নির্দেশ, বিশেষ অনুমতি ছাড়া বাংলাদেশি প্রকাশকদের বই প্রদর্শন বা বিক্রি করা চলবে না। এ ঘটনায় ক্ষোভ করেছে ত্রিপুরা পাবলিশার্স গিল্ড।

গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার বলেন, ‘বাংলাদেশের বই বিক্রেতা ও প্রকাশকেরা সমস্যায় পড়েছেন। কারণ, ভারতীয় শুল্ক দপ্তর আগরতলা পুস্তক মেলায় তাদের বই বিক্রি বা প্রদর্শনী নিয়ে আপত্তি তুলেছে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ১৩তম আগরতলা পুস্তক মেলার উদ্বোধন ঘোষণা করেছেন। এই মেলা চলবে ১৩ দিন। ত্রিপুরা ছাড়াও আসাম, পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রকাশকেরা এই মেলায় অংশ নিয়েছেন।

রঘুনাথ সরকার বলেন, এবারের আগরতলা পুস্তক মেলায় বাংলাদেশ থেকে কম করে ১০ জন প্রকাশক ও পুস্তক বিক্রেতা অংশ নিতে চেয়েছিলেন। তাঁরা সেই অনুযায়ী আখাউড়া সীমান্তে এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় শুল্ক দপ্তর তাঁদের আটকে দেয়। শর্ত চাপানো হয় লিখিত অনুমতি গ্রহণের। এর জন্য নাকি অন্তত দুই মাস আগে তাঁদের আবেদন করতে হতো। কিন্তু বিষয়টি জানা না থাকায় সীমান্ত থেকেই ফিরে গেছেন বাংলাদেশি প্রকাশকেরা।

গিল্ডের পক্ষ থেকে শুল্ক দপ্তরের এহেন আচরণকে ‘বাড়াবাড়ি’ বলে বর্ণনা করা হয়। গিল্ডের দাবি, এর আগে অনেকবার আগরতলায় বাংলাদেশি প্রকাশকেরা এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এ ধরনের কোনো সমস্যায় তাঁদের পড়তে হয়নি।

ভারতীয় শুল্ক দপ্তরের সহকারী কমিশনার জ্যোতিষ দাশ সাংবাদিকদের বলেন, ভারতে বাংলাদেশি বই প্রদর্শনীতে কোনো বাধা নেই। তবে বিক্রির জন্য নিয়ম মেনে শুল্ক প্রদান ও অন্যান্য বিধিনিষেধ মানতে হয়। তাঁর দাবি, ‘কাস্টমস কখনোই বাড়তি ঝামেলা পাকায় না। কাস্টমসকে নিয়ম মেনেই চলতে হয়।’