আগরতলায় ১৪৪ ধারা জারি
উপজাতি দিবস উপলক্ষে একটি রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি সামাল দিতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
রাজ্যের পুলিশ প্রধান কে নাগরাজ মোবাইলে প্রথম আলোকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। তিনি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
ইনডিজেনাস পিপলস পার্টি অফ তুইপ্রার (আইপিএফটি) ব্যানারে ডাকা মিছিলে মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষেরাই অংশ নেন। মিছিল থেকে ত্রিপুরার উপজাতিদের জন্য পৃথক রাজ্যের দাবিও ওঠে। কিন্তু মিছিল শুরু হতেই স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মিছিলকারীরা। তাঁদের থামাতে পুলিশ এলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাঁধে।
রাজ্য পুলিশের এসপি (এসবি) অরিন্দম নাথ মোবাইল প্রথম আলোকে জানান, শহরের ওরিয়েন্ট চৌমহনিতেই প্রথম গোলমালের সূত্রপাত। তারপর সেটা গোটা শহরেই ছড়িয়ে পড়ে। পুলিশ কড়া হাতে গোলমাল বন্ধ চেষ্টা করলে পুলিশের সঙ্গেও মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়। স্থানীয় মানুষও জড়িয়ে পড়েন সংঘর্ষে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন রাজ্য পুলিশের প্রধান কে নাগরাজ। তিনি জনগণকে গুজবে কান না দিতে অনুরোধ জানান। এরই মাঝে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক মিলিন্দ রামটেক শহরে ১৪৪ ধারা বলে মিছিল-মিটিং-জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
সংঘর্ষ থামতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। সাংবাদিকদের সামনে আইপিএফটির সুপ্রিমো এনসি দেববর্মার অভিযোগ, নিরীহ মিছিলকারীদের ওপর পুলিশ বিনা প্ররোচনায় আক্রমণ চালায়। অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তৃণমূলের মদদেই গোটা শহরের উত্তেজনা ছড়ায়। তবে তৃণমূল এই অভিযোগ নাকচ করে দিয়েছে। তৃণমূল নেতা সুদীপ রায় বর্মণ মোবাইলে প্রথম আলোকে বলেন, উপজাতি ভোট হারানোর ভয়ে মরিয়া সিপিএম রাজ্যে হিংসা ছড়াচ্ছে। তিনি গোটা ঘটনার তদন্ত দাবি করেন।