আগরতলায় ৬০ ফুট দুর্গা, আছে হাজার হাতও

হিন্দুদের দেবী দুর্গার এমনিতেই দশ হাত। তাই তাঁর আরেক নাম দশভুজা। কিন্তু দশ হাতেও বোধ হয় হচ্ছে না। তাই ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় এবার দুটি বড় পূজা উদ্যোক্তা হাজার হাতের দুর্গা বানাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই চলছে পূজার প্রস্তুতি। সাবেকিয়ানাকে পাশ কাটিয়ে আগরতলাও মেতে উঠছে থিম পূজার ভাবনায়।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় দুর্গাপূজাকে শারদোৎসব বলার ঘোরতর বিরোধী। কিন্তু কমিউনিস্ট-শাসিত ত্রিপুরায় এবারও দুর্গাপূজা নিজের ব্যাপ্তি ছাড়িয়ে শারদোৎসবের রূপ নিতে চলেছে। হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ সবাই মেতে উঠতে চলেছেন উৎসবের আমেজে। পূজা এখানে গৌণ, উৎসবের সুরটাই বড়। প্রথম আলোর কাছে এমনটাই দাবি করলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।
পশ্চিমবঙ্গের কলকাতার বাইরে এত বড় আয়োজন আর কোথাও হয় না। আগরতলা শহরের মূল উৎসবে দুর্গাপূজা। সরকারি উদ্যোগেও পূজা হয়। বিভিন্ন পাড়ায় ক্লাবগুলো নিজস্ব ভাবনার বহিঃপ্রকাশ ঘটায় মণ্ডপে মণ্ডপে। সেই সঙ্গে গত কয়েক বছরের মতো এবারও বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা রক্তদান শিবির থেকে শুরু করে নানান সামাজিক কাজে এবারও নিজেদের যুক্ত রেখেছে।
আস্ত গয়া-কাশী উঠে এসেছে এবার আগরতলায়। আগরতলা বিমানবন্দরের কাছে ভারতরত্ন সংঘ গয়া-কাশীর আদলে বানাচ্ছে বিশাল মণ্ডপ। নেতাজি প্লে সেন্টারের এবার ৬০ বছর পূর্তি। তাই তারা ৬০ ফুট উঁচু দুর্গাপ্রতিমা বানাচ্ছে। বৌদ্ধমন্দির গড়ে তুলছে আগরতলা যুবসমাজ। শহরের চিত্তরঞ্জন ক্লাব আবার বরফের পাহাড় তৈরি করে দর্শকদের তাক লাগাতে প্রস্তুত। পরিবেশ সচেতন করতে কুঞ্জবন সেবক সংঘ বানাচ্ছে প্রকৃতি উদ্যান। তাই কলকাতা থেকে বস্তা বস্তা কৃত্রিম ঘাস বিমানে করে আনা হচ্ছে আগরতলায়। ছাত্রবন্ধু সংঘ আবার রাজস্থানের জয়পুর থেকে উড়িয়ে আনছে কষ্টিপাথরের দুর্গা। ঐকতান যুব সংঘ এবং রাম ঠাকুর সংঘ এবার এক হাজার হাতের দুর্গা বানিয়ে শহরবাসীকে তাক লাগাতে চায়। কিন্তু ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় আগরতলা দুর্গাবাড়িতে অবশ্য দুর্গার হাত দৃশ্যত দুটি। রাজ আমল থেকেই দুর্গার আটটি হাত লুকানো থাকে।
সর্বত্রই এখন প্রস্তুতি তুঙ্গে। তবে বৃষ্টি প্রতিবন্ধকতার সৃষ্টি করছে অনেক জায়গাতেই। মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপশিল্পীরা বিপাকে পড়েছেন বৃষ্টির কারণে। এবার পূজাতেও আগরতলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তা আতঙ্কিত পূজা কমিটিগুলো। শহরের বেশ কিছু জায়গায় কয়েক দিন ধরে প্রবল বর্ষণে জল জমায় আতঙ্ক আরও বাড়ছে।