২০১৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই সবচেয়ে বেশি আসন পাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল বুধবার কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, সারদা থেকে নারদ—সব দুর্নীতিতে জড়িয়ে গেছেন ক্ষমতাসীন তৃণমূলের নেতারা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, নারদ কেলেঙ্কারিতে ক্যামেরার সামনে টাকা নিয়ে ফেঁসে যাওয়া তৃণমূলের নেতারা এখন ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছেন। বিজেপির সভাপতি বলেন, নোট বাতিলের সময় মুখ্যমন্ত্রী মমতা এর বিরোধিতা করেছিলেন। অথচ জাল নোট ধরার জন্য তৎপর হননি। মমতার এখন ভয় বাম নয়; ভয় বিজেপিকে। মমতা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন অমিত শাহ।
অমিত শাহ জোর দিয়ে বলেন, বিজেপি হিংসার রাজনীতি করে না। হিংসার রাজনীতি করে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, পশ্চিমবঙ্গে সব কারখানা বন্ধ হয়ে গেছে। এখন শুধু আছে বোমা তৈরির কারখানা।
সংবাদ সম্মেলনের পর অমিত শাহ চলে যান গড় ভবানীপুরে। ভবানীপুরের গণেশ মন্দিরের সামনে একটি বৈঠক করেন তিনি। এরপর চেতলা লকগেট এলাকার একটি বস্তিতে গিয়ে বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা শোনেন।