আগামী বছর পাকিস্তানে যাচ্ছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছর সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তান সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বুধবার ইসলামাবাদে এ কথা জানান। দিনের শেষে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর ঘোষণা দেন সুষমা। খবর এনডিটিভির।
আফগানিস্তান-সংক্রান্ত ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিয়ে গতকাল দুই দিনের পাকিস্তান সফর শেষ করেন সুষমা। আগামী বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সার্ক সম্মেলন। ওই সম্মেলনে মোদি যোগ দেবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সুষমা বলেন, ‘হ্যাঁ তিনি (মোদি) আসছেন।’
মোদির সেই আসন্ন সফর হলে ১২ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখবেন। এর আগে ২০০৪ সালে অটল বিহারি বাজপেয়ি সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিলেন। তিনিও সার্ক সম্মেলনে যোগ দিতেই পাকিস্তানে গিয়েছিলেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাজপেয়ি পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। বাজপেয়ির পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং আর পাকিস্তান সফরে যাননি।
দ্বিপক্ষীয় আলোচনা শুরুর ঘোষণা: ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা শুরু করবে। গতকাল দুই দেশের এক যৌথ ঘোষণায় এ কথা জানানো হয়। সুষমা প্রথমে প্রধানমন্ত্রী নওয়াজ এবং পরে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠকের পরে যৌথ বিবৃতি দেওয়া হয়। দ্বিপক্ষীয় আলোচনায় সন্ত্রাস দমন থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো থাকবে বলে ঘোষণায় জানানো হয়। যৌথ বিবৃতিতে সন্ত্রাসের নিন্দা জানিয়ে এটি নির্মূলের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
১০ দিন আগে প্যারিসে জলবায়ু সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠক হয়। এরপর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ঘটনা ঘটছে। সম্প্রতি ব্যাংককে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল কিছুটা আচমকাই। এরপরই সুষমা পাকিস্তান সফরে যান।