আগামীকাল ত্রিপুরা বন্ধ্
ভারতের ত্রিপুরা রাজ্যে আগামীকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার বন্ধ্। ১২ দফা দাবিতে এই বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতের ত্রিপুরা রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে সিপিএম শাসিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিতেই এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া এ সময় বন্ধ থাকবে সবকিছুই।
ভারতের কমিউনিস্ট শাসিত ত্রিপুরা রাজ্যে বিজেপির উত্থানের পর অনেকটাই দুর্বল কংগ্রেস। নেতারা বেশির ভাগই হয় বিজেপিতে, নয় তৃণমূল কংগ্রেসে। এ অবস্থায় সাধারণ কর্মীদের নিয়েই ঘুরে দাঁড়াতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বন্ধ্কে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ কর্মীরা দারুণভাবে উজ্জীবিত বলেও দাবি করেন তিনি। দাবি করেন, বৃহস্পতিবার হাজার হাজার কংগ্রেস কর্মী রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামবেন বন্ধ্কে সফল করতে। ট্রেন, বাস, স্কুল, কলেজ, অফিস, কাছাড়া—সব বন্ধ থাকবে বলে দাবি করেন বীরজিত সিনহা। সেই সঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের বামবিরোধী মানুষ, সাম্প্রদায়িক বিজেপিকে নয়, কংগ্রেসকেই বেশি ভরসা করে। তাই বন্ধ্ সর্বাত্মক ও সফল হবেই।’
শাসক দল সিপিএমের তরফে বন্ধ্ প্রত্যাহারের অনুরোধ করা হলেও কংগ্রেস সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সিপিএমের মুখপাত্র গৌতম দাশের মতে, বন্ধের ফলে জনদুর্ভোগ বাড়বে। মানুষ এই ধর্মঘটকে সমর্থন করে না। প্রদেশ তৃণমূল সভাপতি আশিসকুমার সাহা অবশ্য ‘অন্য দলের রাজনৈতিক কর্মসূচি’ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বন্ধের বিরোধিতা করে বলেছেন, ‘এ রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড-সর্বস্ব। সিপিএম দয়া না করলে বন্ধ্ হবে না।’