আগামীকাল সচিবালয় ঘেরাও করবে কংগ্রেস
আগামীকাল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে ছাত্র হত্যার প্রতিবাদে রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসের প্রতিবাদে কংগ্রেসের এই নবান্ন অভিযান।
আগামীকাল বেলা একটায় কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকেরা কলকাতা এবং হাওড়ার তিনটি স্থানে জড়ো হয়ে এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন। এই লক্ষ্যে তাঁরা কলকাতায় জমায়েত হবেন রাণী রাসমণি রোডে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, তাঁদের এই অভিযান হবে শান্তিপূর্ণ। কিন্তু তাঁদের এ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিলে কংগ্রেস নেতৃত্ব অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে।
এর আগে দেশজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধসহ ১৬ দফা দাবি আদায়ে গত ২৭ আগস্ট দুপুরে একইভাবে পশ্চিমবঙ্গের নতুন সচিবালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ১৭টি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন।
ওই অভিযানকে কেন্দ্র করে ওই দিন কলকাতায় ও হাওড়ায় পুলিশের সঙ্গে বামপন্থীদের ব্যাপক সংঘর্ষ হয়।