ভারতের গত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসা বিজেপি হয়তো আগামী নির্বাচনে আর সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না। দলটির অভ্যন্তরীণ এক সমীক্ষা প্রতিবেদনে এই আভাস পাওয়া গেছে।
সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ৫৪৩ আসনের লোকসভায় একাই ২৮২টি আসন পেয়ে ক্ষমতায় বসেছিল। কিন্তু দলটির অভ্যন্তরীণ সমীক্ষার ফল বলছে, বর্তমান পরিস্থিতির আমূল পরিবর্তন না হলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২৮২টি আসন থেকে অন্তত ১০০ থেকে ১২৫টিই হারাতে পারে বিজেপি।
সমীক্ষা প্রতিবেদনটি দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
আগামী নির্বাচনের সম্ভাব্য ভোটচিত্র মাথায় রেখে বিজেপি অবশ্য ইতিমধ্যেই আসন ধরে রাখতে মাঠে ঝাঁপিয়ে পড়েছে।
২০১৪ সালের নির্বাচনে বিজেপিকে মূলত জিতিয়ে এনেছিল চারটি রাজ্য—উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এই চার রাজ্যের ১৬০টি আসনের ১৪৯টিই বিজেপি জিতেছিল। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এই চার রাজ্যে কমপক্ষে ৭০টিই আসন হারাতে পারে বিজেপি। বিজেপির বাকি ১৩৩ আসন এসেছিল অন্যান্য রাজ্য থেকে।