আগুন জ্বলছে দার্জিলিংয়ে, বন্ধ্ অবৈধ ঘোষণা আদালতের
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে স্থানীয় সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চার অনির্দিষ্টকালের বন্ধের আজ শুক্রবার পঞ্চম দিন। আজও আগুন জ্বলেছে দার্জিলিংয়ে। এর মধ্যে কলকাতা হাইকোর্ট আজই জানিয়ে দিয়েছে যে এই বন্ধ্ অবৈধ।
আজ সকাল থেকে পাহাড়জুড়ে আজও সংঘর্ষ চলে। আগুন দেওয়া হয় হাসপাতাল, বন কর্মকর্তার বাসভবন, প্রাথমিক বিদ্যালয় ও সরকারি অফিসে। বিজনবাড়ির কাছে রিম্ভিকে লোধামা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন ধরিয়ে দেন মোর্চার সমর্থকেরা। জ্বালিয়ে দেওয়া হয় লোধামা জলবিদ্যুৎকেন্দ্রের অফিস। আগুন দেওয়া হয় কালিম্পংয়ের আরও দুটি সরকারি অফিসে, কালিম্পংয়ের জিপি অফিস ও কামি দেববোর্ডের অফিসেও। কালিম্পংয়ের তারাখোলার বন দপ্তরের একটি গেস্টহাউসও জ্বালিয়ে দেওয়া হয়। গোর্খা জনমুক্তি মোর্চার এই আন্দোলনে আজ দার্জিলিংয়ে বন্ধ হয়ে যায় সব পরিবহন। বন্ধ হয়ে যায় দার্জিলিংয়ের স্কুল-কলেজ ও বিদ্যালয়। বন্ধ হয়ে যায় দোকান, বাজার।
এদিকে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় দার্জিলিংয়ের বন্ধ্কে অবৈধ ঘোষণা করেছেন। এর আগে ২০১৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চও এক নির্দেশে দার্জিলিংয়ের বন্ধ্কে অবৈধ ঘোষণা করেছিলেন। আজ এই রায়ের পাশাপাশি হাইকোর্ট রাজ্য সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ বন্ধের ক্ষয়ক্ষতি-সংক্রান্ত একটি প্রতিবেদন কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে আজ দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও মোর্চা নেতা বিমল গুরুংয়ের বাসভবনের সামনে নিয়োগ করা হয়েছে সেনাবাহিনী। জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আত্মগোপন করেছেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
অন্যদিকে আজ হরকা বাহাদুর ছেত্রীর নেতৃত্বাধীন জন-আন্দোলন পার্টি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সোচ্চার হয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এর আগে এ আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় আরেক সংগঠন জিএনএলএফও।
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ের দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষাকে পড়ানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয় দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। এরই প্রতিবাদে তারা সোচ্চার হয়। শুরু হয় সোমবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ্। দাবি ওঠে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের।