আগুন জ্বালানোর দায় বিজেপিকে নিতে হবে: মমতা

ভারত জুড়ে নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) কেন্দ্র করে যে আগুন জ্বলছে তার দায় ক্ষমতাসীন বিজেপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস ময়দানে তৃণমূল আয়োজিত এনএএ ও এনআরসি বিরোধী এক মহাসমাবেশে মমতা এ মন্তব্য করেন।
মমতা বলেন, বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নাগরিকত্ব দেওয়ার কে?এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়ে ধরাকে সরাজ্ঞান করছে। অথচ বিজেপি বিরোধী ভোট রয়েছে ৬২ শতাংশের। গোটা দেশ এখন নাগরিকত্ব ও এনআরসি বিরোধী আন্দোলনের আগুনে জ্বলছে। এই আগুন জ্বালানোর দায় বিজেপিকে নিতে হবে। মনে রাখতে হবে ভারতবর্ষ বিজেপির একার দেশ নয়।
মমতা বলেন, তাঁরা এ আইন মানছেন না। পেশিশক্তি দিয়ে আইন কার্যকর করা হয়েছে। দেশের শান্তির স্বার্থে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে।
এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সার্বভৌমত্ব স্বীকার করেন না। ভারতের সংবিধান, সংসদ ও সর্বোচ্চ আদালত মানছেন না। তিনি এখন পাকিস্তানের নীতি অবলম্বন করছেন। জম্মু কাশ্মীরের ন্যায় গণভোটের দাবি করছেন। কাশ্মীর নিয়ে পাকিস্তানই গণভোটের দাবি তুলেছিল।
সিএএ ও এনআরসির প্রতিবাদে গত সোমবার টানা মাঠে আছেন মমতা। এ সময় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও হাওড়ায় তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। মমতার সঙ্গে এই আন্দোলনে আরও যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের বাম ফ্রন্টসহ বিভিন্ন বাম দল ও জাতীয় কংগ্রেস। তাঁদের দাবি, ’নো এনএএ, নো এনআরসি, উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া’। গতকাল বৃহস্পতিবার রাণী রাসমণি অ্যাভিনিউতে মমতা এই নাগরিকত্ব আইন এবং এনআরসির পক্ষে মানুষ আছে কি না —তা প্রমাণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তোলেন।