আগুন থেকে ২৫ জনকে বাঁচালেন জিতেশ

গত শনিবার বিকেলের ঘটনা। মুম্বাইয়ের শহরতলি আন্ধেরির চান্দিভালি এলাকায় লেক সোসাইটির তিন নম্বর ভবনে পিৎজা পৌঁছে দিতে যান ২১ বছরের তরুণ জিতেশ আহিরে। গিয়েই দেখেন আগুন। ১৪ তলার লোকজন বারান্দা থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার। প্রাণের মায়া তুচ্ছ করে তাঁদের ডাকে সাড়া দিলেন জিতেশ। তিন সঙ্গীর সহায়তায় ২৫ জনকে উদ্ধার করেন তিনি।
ওই অগ্নিকাণ্ডে সাতজন মারা যান। আহত ২৮ জন। এর মধ্যে তিনজন লিফটে আটকা পড়ে মারা যান।
জিতেশ ওই ভবন থেকে ২০০ মিটার দূরে ইগল বয়েজ পিৎজা নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। বিভিন্ন জায়গায় পিৎজা পৌঁছে দেওয়া তাঁর কাজ।
এনডিটিভি অনলাইনকে জিতেশ বলেন, ‘সেখানে একজন বৈদ্যুতিক মিস্ত্রি, পানির মিস্ত্রি, একজন নিরাপত্তা-কর্মী ও ওই ভবনের একজন বাসিন্দা আমার সঙ্গে ছিলেন। ১৫ তলা থেকে লোকজনকে বাঁচাতে আমরা সেখানে ছুটে যাই।’
এরই মধ্যে লিফট বন্ধ করে দেওয়া হয়। তাই তাঁরা সিঁড়ি ব্যবহার করে ২২ তলায় ওঠেন। তাঁরা নির্বাপণ ব্যবস্থা ও পানির পাইপের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জিতেশ বলেন, ‘১৪ থেকে ২২ তলা পর্যন্ত ফ্ল্যাটগুলোতে থাকা লোকজনকে আমরা সাত তেকে আট দফায় নিচে নামিয়ে আনি। পরে তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।’ যাঁদের উদ্ধার করা হয়, তাঁদের বেশির ভাগই ধোঁয়ার কারণে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন এবং চতুর্থতলার কাছে ঢলে পড়েন। তাঁদের হিরানানদানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের উপকমিশনার বিনায়ক দেশমুখ বলেন, দমকল বাহিনী ঘটনার তদন্ত করছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।