আগে জানালে রাষ্ট্রপতি পদে বিজেপির দ্রৌপদীকেই সমর্থন দিতাম, বললেন মমতা
রাষ্ট্রপতি পদের জন্য ভারতীয় জনতা পার্টিসহ ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) দ্রৌপদী মুর্মু নামের বিজেপির যে নেত্রীকে প্রার্থী করেছে, তাঁকে তিনি সমর্থন দিতে পারতেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে এবং কংগ্রেস ও সিপিআইএমের (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট) কর্মীদের একাংশ মমতার কড়া সমালোচনা করেছেন।
কলকাতায় এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার বলেন, মহারাষ্ট্রের ঘটনার পরে দ্রৌপদী মূর্মুর জয়ের সম্ভাবনাই বেশি, তবে বিরোধীরা সবাই এখন যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে চলব। ভারতে রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল এবং বিরোধীদের একজন প্রার্থীকেই সর্বসম্মতভাবে সমর্থন দেওয়ার নজির অতীতে ছিল। সেই নজির গত কয়েক বছর যাবৎ ভেঙে গিয়েছে।
এবারে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দেওয়ার জন্য তাঁর সঙ্গে যে বিজেপির কথা হয়েছিল তা জানিয়ে মমতা বলেন, আমাকে আগে থেকে দ্রৌপদীর নাম (বিজেপি) বলেনি। আগে থেকে যদি জানাতো যে একজন আদিবাসী মহিলাকে বিজেপি প্রার্থী করছে তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে ১৭টি দল মিলে একটা সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে হয়তো নেওয়া যেতে পারত।
মমতা আরও বলেন, যে বৃহত্তর স্বার্থে তিনি সবসময় ঐকমত্যের পক্ষে, কিন্তু ১৭টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব নয়। বিরোধীরা এখন একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাবেক সদস্য যশোবন্ত সিনহাকে তাঁদের প্রার্থী মনোনীত করেছেন।
তাঁদের প্রার্থী তৃণমূলের রাজ্যসভার সাবেক সদস্য যশোবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত থেকে এখন আর ফিরে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধী দলের কর্মীদের একাংশের বক্তব্য যে মমতা অতীতে নানা ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছেন এবং এবারও রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে তাঁকে সমর্থনের প্রস্তুতি নিচ্ছেন। বিরোধীদের কোনো বড় মাপের নেতা এ কথা না বললেও, কর্মীদের বক্তব্য, বিশেষত সিপিআইএম এবং কংগ্রেসের, যে মমতা এবারে তাদের এবং কংগ্রেসকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।