আগ্রায় রেলস্টেশনে দুটি বোমা বিস্ফোরণ
ভারতের আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে রসুলপুরার একটি বাড়িতে, পরে স্টেশনের কাছে এক জঞ্জালের স্তূপে দ্বিতীয় বিস্ফোরণটি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোর পাঁচটায় রসুলপুরার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সে সময় এলাকার বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙে। ঘটনাস্থলে পুলিশ ও বোমা স্কোয়াড পৌঁছায়। ওই বাড়িতে তল্লাশি চলার সময় আরও একটি বিস্ফোরণ ঘটে স্টেশনের কাছে।
আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের এক যাত্রী জানান, ৫ নম্বর প্ল্যাটফর্মে এক পাশে জমে থাকা আবর্জনার স্তূপে বিস্ফোরণ ঘটে। খবর: ইকোনমিক টাইমস।
এ ঘটনায় প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এমনকি ট্রেনের শিডিউলও পরিবর্তন হয়নি। এর আগে এ ঘটনার ঘণ্টা খানেক আগে সন্ত্রাসী হামলা হবে—এমন হুমকি দিয়ে চিঠি পায় পুলিশ। বান্ধায় রেলস্টেশনে ওই চিরকুট পাওয়া যায়।
গতকাল শুক্রবারই তাজমহলসহ দেশের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানোর হুমকি দেয় আইএস। আইএসপন্থী সংবাদমাধ্যম ‘আহওয়াল উম্মত মিডিয়া সেন্টারে’ ছবিসহ এই সংবাদ প্রকাশিত হয়। আজকের বিস্ফোরণের স্থান তাজমহল থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।