আজহার ইস্যুতে চীনের ওপর চাপ বাড়াবে ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠকে চীনা কর্তৃপক্ষের সঙ্গে মাসুদ আজহারের বিষয়টি তুলতে যাচ্ছেন।
মনে করা হচ্ছে, এর মাধ্যমে ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে বাধা দেওয়ায় চীনের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে চায়।
ভারতের দাবি, পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পেছনে জইশের হাত রয়েছে। সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষমতাসম্পন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট কমিটিতে ভারত মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করে। তবে শেষ মুহূর্তে চীনের বাধায় তা অনুমোদিত হয়নি।
ভারতের সরকারি সূত্রগুলো বলছে, সুষমা এবং দোভালের সঙ্গে চীনা নেতাদের আলোচনায় মাসুদ আজহার ইস্যুটিই প্রাধান্য পাবে। সুষমা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জির সঙ্গে মস্কোয় অনুষ্ঠেয় রাশিয়া-ভারত-চীন (আরআইসি) ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন আগামীকাল সোমবার।
নিরাপত্তা পরিষদের কমিটিতে চীনের ভূমিকায় ক্ষুব্ধ ভারত। গত বৃহস্পতিবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘের কার্যক্রমের সংস্কার দাবি করেন।