আট বছরের শিশুটিকে ধর্ষণ ও হত্যাকে 'ছোট্ট ঘটনা' বললেন নতুন উপমুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভিনদার গুপ্ত
কাভিনদার গুপ্ত

আট বছরের কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনাটিকে ‘ছোট্ট ঘটনা’ বলে মন্তব্য করেছেন ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী কাভিনদার গুপ্ত (৫৯)। বিজেপির এই নেতা সোমবার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি। এদিন ব্যাপক রদবদল এনে রাজ্যের মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়।

কাভিনদার গুপ্ত রোববার নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কাভিনদার এই মন্তব্য অন্য দুই বিজেপি নেতা চন্দ্র প্রকাশ গঙ্গা এবং বনমন্ত্রী লাল সিংয়ের মন্তব্যের মতোই। বিতর্কিত মন্তব্য করায় ১৩ এপ্রিল রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন শিল্পমন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা ও বনমন্ত্রী লাল সিং।

আট বছরের ওই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়।

কাভিনদার গুপ্ত এনডিটিভিকে বলেন, ‘আমাদের এমন চিন্তা করা উচিত যে এই রকম ঘটনা আর ঘটবে না এবং শিশুটি ন্যায়বিচার পাবে। তবে বিচারপ্রক্রিয়া শেষ করতে সরকারকে অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

সোমবার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে ওই শিশু ধর্ষণ ও হত্যার বিষয়ে প্রশ্ন তোলেন সেখানকার সাংসদ রাজিব জাসরোশিয়া। এই রাজিবও ওই শিশুর ধর্ষক ও হত্যাকারীদের পক্ষে অবস্থা নেওয়া ‘হিন্দু একতা মঞ্চের’ র‍্যালিতে অংশ নিয়েছিলেন।

এদিকে ওই ধর্ষণ ও হত্যার সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার রদবদলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিজেপি নেতা রাম মাধব। তিনি বলেন, ‘আমরা নতুন নেতাদের সুযোগ দেওয়ার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ১০ জানুয়ারি মুসলিম পরিবারের আট বছরের ওই কন্যাশিশুকে জম্মুর কাঠুয়া জেলায় তার বাড়ির কাছ থেকে অপহরণ করা হয়। অপহরণের সাত দিন পরে তার মৃতদেহ পাওয়া যায় ওই জেলারই বসানা গ্রামে। পরে এ ব্যাপারে ধর্ষণ ও অভিযোগ এনে একটি মামলা হয়। পুলিশ ওই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাতে মন্দিরের এক পুরোহিত, তাঁর ছেলে ও ভাইপো এবং চার পুলিশ সদস্যসহ অপর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। আসামিদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপরই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি ও কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) দিয়ে ঘটনার তদন্ত করতে রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে।