আট বছরের শিশুর চিঠিতে সাড়া দিলেন মোদি
ভারতের বেঙ্গালুরুর যশোবন্তপুরের ন্যাশনাল পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। নাম অভিনব। বয়স আট বছর। বিদ্যালয়ে যেতে আসতে যানজটে পড়তে হয় তাকে।
এলাকার যানজটের এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল অভিনব। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে দেওয়া হয়েছে ফিরতি চিঠি। আর তাতে যানজট সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অভিনব তার চিঠিতে লেখে, ‘শুধু মানুষের স্বাস্থ্যেরই ক্ষতি করছে না, আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছে।’
উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর বিদ্যারানায়াপুরায় থাকে অভিনবর পরিবার। বিদ্যালয়ে যাওয়ার পথে একটি রেল ক্রসিং পড়ে। সেই রেল ক্রসিংয়ের ওপর একটি উড়াল সেতু নির্মাণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর সে কারণেই ওই জায়গাটিতে সৃষ্টি হয় যানজটের।
প্রতিদিনই স্কুলে যেতে যানজটে আটকা পড়তে হয় অভিনবকে। মাত্র তিন কিলোমিটারের দূরত্ব, অথচ সময় লাগে ৪৫ মিনিট। অবশেষে প্রধানমন্ত্রী মোদির কাছে একটি চিঠিই লিখে বসে অভিনব। সে চিঠিকে যথেষ্ট গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন মোদি।