আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি: সাইরাস
টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারণের ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন সাইরাস মিস্ত্রি। ভারতের বৃহত্তম এ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে গত সোমবার তাঁকে অপসারণ করা হয়। সাইরাস বলেছেন, এ সিদ্ধান্তে তিনি হতবাক। তাঁকে অপসারণের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
আজ টাটা সন্সের পরিচালনা পরিষদের কাছে পাঠানো এক ই-মেইলে নিজের ক্ষোভের কথা জানান বলে দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাইরাসকে সরিয়ে টাটার সাবেক চেয়ারম্যান রতন টাটাকে এ পদে আবার ফিরিয়ে আনা হয়।
ই-মেইলে সাইরাস বলেন, তাঁকে অপসারণের ঘটনা ভারতের করপোরেট ইতিহাসে বিরল। তিনি বলেন, ‘কোনো রকম ব্যাখ্যা ছাড়া এই হঠাৎ সিদ্ধান্ত আমার এবং এ প্রতিষ্ঠানের সম্মানের অপূরণীয় ক্ষতি করেছে।’
টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন সাইরাস, যিনি এ পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। সোমবার টাটার পরিচালনা পরিষদের নয় সদস্যের মধ্যে ছয়জনই সাইরাসকে অপসারণের পক্ষে ছিলেন। দুজন ভোটদানে বিরত ছিলেন। আর পরিষদের পরিচালক সাইরাস নিজে ভোট দিতে পারেননি।
টাটার চেয়ারম্যান পদ থেকে সাইরাসকে সরানোর বিষয়ে এখনো এ প্রতিষ্ঠানের তরফে কোনো কারণ উল্লেখ করা হয়নি। গতকাল মঙ্গলবার এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে টাটা গ্রুপের ট্রাস্টি ভি আর মেহতা বলেন, সাইরাস মিস্ত্রি এ প্রতিষ্ঠানের নীতির বিরুদ্ধে কাজ করেছেন। তাঁকে সরিয়ে দেওয়ার পেছনে এ গোষ্ঠীর দুর্বল আর্থিক ব্যবস্থাপনাই মূল কারণ।