আত্মহত্যার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ নয়—এ বিধান রেখে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় কণ্ঠভোটে পাস হলো ‘মেন্টাল হেলথ কেয়ার বিল-২০১৬’।

ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারায় ছিল, আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা বাদ দেওয়া হয়েছে। আত্মহত্যাকে একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, এটি একটি মানসিক রোগ। প্রবল হতাশা থেকে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তাই আত্মহত্যাকে এখন থেকে মানসিক রোগ হিসেবে গণ্য করা হবে। মনোবিদেরা এই বিলকে স্বাগত জানিয়েছেন। নতুন এই বিলে মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছে।

লোকসভায় বিলটি উপস্থাপন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বিল উপস্থাপন করে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ১ থেকে ২ শতাংশ মানুষ সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক রোগে ভোগে। তা ছাড়া ৫ শতাংশ মানুষ অবসাদজনিত রোগেও ভোগে। সঠিক চিকিৎসার অভাবে যারা মানসিক রোগে ভুগছে, এই বিল সেসব ব্যক্তিকে আইনি সহায়তা দেবে।

ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির প্রধান প্রদীপ কুমার সাহা বলেছেন, মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাই আত্মহত্যার পথ বেছে নেয়। এবার এ প্রবণতাকে রোধ করতে এই বিল এ-সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।