আত্মহত্যার হুমকি তৃণমূলের বন্দী সাংসদ কুণালের
ভারতের পশ্চিমবঙ্গের কারাবন্দী তৃণমূল সাংসদ কুণাল ঘোষ আত্মহত্যার হুমকি দিয়েছেন। কলকাতার নগর দায়রা আদালতে সিবিআইর মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিচারক অরবিন্দ মিশ্রর কাছে তিনি চিঠি লিখে এ হুমকি দেন। এই বিচারকই সারদা কেলেঙ্কারির বিচারকাজ করছেন।
আজ বুধবার কুণাল ঘোষ তাঁর লেখা চিঠি প্রথমে দেন জেল কর্তৃপক্ষের কাছে। চিঠিতে তিনি লেখেন, তিনি চান সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূলের অন্য শীর্ষ নেতাদেরও গ্রেপ্তার করা হোক। তাঁর দাবি, সিবিআই তার তদন্তের গতিপথ বদলে ফেলেছে। তৃণমূলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করার ব্যাপারটি এড়িয়ে যাচ্ছে। অথচ ওই সব নেতা যে এই সারদা-কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তার বহু তথ্যপ্রমাণ রয়েছে।
কুণাল ঘোষ এই প্রসঙ্গে তৃণমূলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের নাম উল্লেখ করে বলেছেন, তাঁকে গ্রেপ্তার করলেই এই কেলেঙ্কারির বহু তথ্য বেরিয়ে আসবে। এখন মুকুল রায়কে আড়াল করছে সিবিআই। আত্মহত্যার মতো চরম পথ বেছে নিলে কেউ দায়ী থাকবে না বলে তিনি উল্লেখ করেন।
এর আগেও কুণাল ঘোষ কলকাতার প্রেসিডেন্সি কারাগারে বন্দী থাকার সময় গত ১৪ নভেম্বর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।