'আত্মহত্যায়' সবার চেয়ে এগিয়ে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক অবসাদে ভোগেন নারী-পুরুষ সবাই। ছবি: সংগৃহীত।
মানসিক অবসাদে ভোগেন নারী-পুরুষ সবাই। ছবি: সংগৃহীত।

বর্তমান বিশ্বের ৪৫০ মিলিয়ন মানুষ মানসিক রোগে আক্রান্ত। এদের মধ্যে বিষণ্নতায় ভুগছেন ৩৫০ মিলিয়নের মতো। বর্তমান সময়ে অবসাদ, যুব সম্প্রদায়ের মানসিক অসুস্থতার অন্যতম প্রধান কারণ। এই অবসাদের শুধু মানসিক অসুস্থতা নয়, কারণ হয়ে উঠছে শারীরিক অসুস্থতারও। মানসিক অবসাদের ফলে মারাত্মক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এই মুহূর্তে পুরো বিশ্বের মধ্যে ‘আত্মহত্যায়’ শীর্ষে আছে ভারত।
১০ অক্টোবর, শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শুক্রবার ভারতের আইএএনএস ও জি-নিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, মানসিক অবসাদের কারণে ‘আত্মহত্যা’য় সারা বিশ্বের মধ্যে এগিয়ে ভারত। শতকরা ৯০ ভাগ ক্ষেত্রেই বাইপোলার ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মতো মানসিক অবসাদ জনিত কারণে ‘আত্মহত্যা’র দিকে ঝুঁকছে দেশটির যুব সমাজ। গত কয়েক দশকে ভারতে ‘আত্মহত্যা’র ঘটনা বৃদ্ধি পেয়েছে প্রায় তিনগুণ। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা সর্বাধিক।
এ ব্যাপারে ভারতের সরোজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ আত্মেষ কুমার বলেন, ‘গবেষণায় দেখা গেছে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের ৪০ শতাংশ পুরুষ এবং ৫৬ শতাংশ নারী মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেন।’
খবরে বলা হয়েছে, দিনের পর দিন অবহেলা ও অবসাদ শুধু মানসিক সুস্থতা নষ্ট করে না, তার সঙ্গে মাথা ব্যথা, ক্লান্তি, পেশির ব্যথাসহ শারীরিক অসুস্থতার কারণও হয়ে ওঠে। আর্থসামাজিক অবস্থান, সময়মতো চিকিৎসার অভাব, পরিবারের অসহযোগিতা, অকারণ দোষারোপ, মানসিক অবসাদগ্রস্তদের আরও বেশি আত্মহত্যা প্রবণ করে তুলছে বলেও খবরে বলা হয়েছে। একবিংশ শতকে মানুষের শিক্ষা, পেশাগত জীবন থেকে শুরু করে বিভিন্ন জীবনের সর্বক্ষেত্রে মানসিক চাপ বাড়ছে। মন অনেক সময়ই এই চাপ, এই ধকল সমলে উঠতে পারে না। যেকোনো বয়সের মানুষ, যেকোনো সময়ে মানসিক রোগে আক্রান্ত হতে পারেন।