আদভানি-যোশি-উমার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরি মসজিদ
বাবরি মসজিদ

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ষড়যন্ত্রের অভিযোগে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের বিশেষ আদালতে আজ মঙ্গলবার উপস্থিত হয়ে অভিযোগ গঠনের বিরোধিতা করেন প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীরা। কিন্তু আদালত তা খারিজ করে দেন। অবশ্য প্রত্যেক নেতা ব্যক্তিগত ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন পেয়েছেন।

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। প্রাচীন এই স্থাপত্য ধ্বংসে ষড়যন্ত্র ও উসকানি দেওয়ার অভিযোগে আদভানি, যোশি, ভারতীসহ মোট ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সিবিআই আদালত ২০০১ সালে সেই অভিযোগ খারিজ করে দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করা হয়। ২০১০ সালে হাইকোর্ট সিবিআই আদালতের রায় বহাল রাখেন। চলতি বছরের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও আর এফ নরিম্যান অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা শুরু করতে সিবিআইকে নির্দেশ দেন। তাঁরা এই নির্দেশও দেন, দীর্ঘ ২৫ বছর ধরে চলতে থাকা এই মামলার নিষ্পত্তি আগামী দুই বছরের মধ্যে করতে হবে।

বাবরি মসজিদ ধ্বংসের জন্য করসেবকদের বিরুদ্ধে মামলা চলছে লক্ষ্ণৌ আদালতে, রায়বেরিলি আদালতে চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা। এই দুই আদালতে যেসব বিচারপতির এজলাসে মামলা দুটি রয়েছে, নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাঁদের বদলি করা যাবে না বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন।

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি পেতে আবেদন জানিয়েছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। কিন্তু তা খারিজ হয়ে যাওয়ায় আজ তাঁরা আদালতে উপস্থিত হন। এই মামলায় অপর অভিযুক্ত উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। কিন্তু রাজস্থানের রাজ্যপাল বলে আপাতত তিনি এই মামলার আওতার বাইরে থাকছেন। আদালতে যাওয়ার আগে আদভানিরা রাজ্য সরকারের ভিভিআইপি অতিথিশালায় (গেস্টহাউস) সামান্য সময়ের জন্য থামেন। সেখানে আগে থাকতেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মামলাসংক্রান্ত বিষয়ে আদভানি ও যোশি সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি। তবে কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী বলেন, ‘বিচারের মুখোমুখি হতে আমি ভয় পাই না। কারণ, কোনো অন্যায় কাজ আমি করিনি। আইন আইনের কাজ করবে। কে দোষী কে নিরপরাধ তা প্রমাণিত হবে।’

বিজেপি অবশ্য শীর্ষস্থানীয় নেতাদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘আমাদের বিশ্বাস, নেতারা ঠিকই নির্দোষ প্রতিপন্ন হবেন।’