আদভানির রাষ্ট্রপতি হওয়া ঠেকানোই উদ্দেশ্য: লালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি যাতে ভারতের রাষ্ট্রপতি হতে না পারেন, সে জন্যই বাবরি মসজিদ ষড়যন্ত্র মামলার চক্রান্ত বলে দাবি করেছেন লালু প্রসাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই প্রধানমন্ত্রীর হাতের মুঠোয়। সিবিআইকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কাজ করিয়ে আদভানির পথে কাঁটা বিছাতে চেয়েছেন।
গত বুধবার ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্ত মামলায় লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশি, উমা ভারতীসহ শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্তের দাবির আর্জি মেনে নেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ পাটনায় সংবাদমাধ্যমকে বলেন, এটা হলো নরেন্দ্র মোদির চক্রান্ত। উদ্দেশ্য, আদভানি যাতে রাষ্ট্রপতি পদের দাবিদার হতে না পারেন।
লালু প্রসাদ বলেছিলেন, ‘সবাই জানে সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইশারায় চলে। সেই সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে, তারা বাবরি মসজিদ ধ্বংসের মামলায় আদভানিসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করতে চায়। কেন? আদভানির নাম রাষ্ট্রপতি পদে যাতে বিবেচিত না হয়, সে কারণেই এটা করা।’
রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের জুলাই মাসে। আদভানির বয়স প্রায় নব্বই। মোদি জমানায় তিনি ব্রাত্য। দল ও সংঘ পরিবারের একটা বড় অংশ আদভানিকে রাষ্ট্রপতি পদে দেখতে আগ্রহী। কিন্তু মোদি তা চান না।