আদালত বন্ধ করে দিচ্ছেন না কেন?
বিচারপতি নিয়োগে দীর্ঘসূত্রতায় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর। তিনি বলেছেন, ‘আপনারা আদালত বন্ধ করে দিচ্ছেন না কেন?’
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার বিচার বিভাগে নিয়োগ সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় এসব কথা বলেন প্রধান বিচারপতি ঠাকুর। দেশের ২৪টি হাইকোর্টে ১ হাজার ৪১টি পদের বিপরীতে এখন সাড়ে চার শ পদ খালি রয়েছে। উচ্চ আদালতে বিচারক নিয়োগে গড়িমসি করে সরকার বিচার বিভাগকে ‘নিঃস্ব’ করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিচারপতি ঠাকুর বলেন, ‘এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে, বিচারক না থাকার জন্য বিচারালয় বন্ধ রাখতে হচ্ছে। উদাহরণস্বরূপ, কর্ণাটক। আপনারা আদালত বন্ধ করে দিচ্ছেন না কেন?’ তিনি বলেন, ‘নির্বাহী বিভাগের অনীহায় বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে।’
ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে বিচারকদের নিয়োগ দেয় বিচারকেরাই। একটি ‘কলেজিয়াম ব্যবস্থার’ অধীনে দেশের শীর্ষ বিচারকেরা বিচার বিভাগের সব ধরনের নিয়োগ দেন। গত বছর একটি সাংবিধানিক বেঞ্চ বিচারক নিয়োগে গঠিত দ্য ন্যাশনাল জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। এরপর থেকেই সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েন শুরু হয়। বিচারক নিয়োগে সরকারি গড়িমসির বিষয়ে বিচার বিভাগের পক্ষ থেকে আগেও কয়েকবার বলা হয়েছে। চলতি বছরের এপ্রিলে বিচার বিভাগে বিচারক স্বল্পতার বিষয়ে কথা বলতে গিয়ে এক অনুষ্ঠানে কেঁদে ফেলেন প্রধান বিচারপতি ঠাকুর। পরে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বিচার বিভাগের এই বিষয়টি উল্লেখ না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।