আদালতে কানহাইয়া ও সাংবাদিকদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত প্রাঙ্গণে পুলিশ পরিবেষ্টিত কানহাইয়া l এএফপি
আদালত প্রাঙ্গণে পুলিশ পরিবেষ্টিত কানহাইয়া l এএফপি

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ভারতবিরোধী স্লোগানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির পাতিয়ালা হাউসের আদালত প্রাঙ্গণে এবার গ্রেপ্তার ছাত্রনেতা কানহাইয়া কুমারের ওপর হামলা হয়েছে। সাংবাদিকেরাও এ সময় আক্রান্ত হন। একই আদালতে দুদিন আগে কিছুসংখ্যক সরকারপন্থী উচ্ছৃঙ্খল আইনজীবীর মারধরের শিকার হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র-শিক্ষক ও সাংবাদিকেরা।
এদিকে জেএনইউয়ের ঘটনায় সৃষ্ট অস্থিরতার ছোঁয়া লেগেছে ভারতের নামকরা অন্য কিছু বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাশ্মীরসহ কয়েকটি রাজ্যের স্বাধীনতা চেয়ে ও ফাঁসি হওয়া বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি নেতা আফজাল গুরুর সমর্থনে পোস্টার লাগানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
ভারতবিরোধী স্লোগানের ঘটনায় গত সপ্তাহে গ্রেপ্তার জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতা মামলার দ্বিতীয় দিনের শুনানি ছিল গতকাল বুধবার। শুনানি উপলক্ষে কানহাইয়াকে আদালতে হাজির করার সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
সোমবারের মতো গতকালও হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রম সিং চৌহান নামের এক ‘সরকার সমর্থক’ আইনজীবীর বিরুদ্ধে। কানহাইয়ার মুক্তির দাবিতে সেদিন আদালতে সমবেত শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলাকারীদের অন্যতম বলে চিহ্নিত হয়েছিলেন বিক্রম। কানহাইয়ার ওপর আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় গতকাল দিল্লির পুলিশ কমিশনারকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
পরিস্থিতি মূল্যায়নে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে আইনজীবীদের একটি প্রতিনিধিদলকে গতকাল পাতিয়ালা হাউস আদালতে পাঠানো হয়। আদালতে সৃষ্ট অস্থিরতা ও নজিরবিহীন পরিস্থিতিতে প্রতিনিধিদল দুঃখ প্রকাশ করে বলেছে, যা ঘটানো হয়েছে, তা সুপ্রিম কোর্টের আদেশের মারাত্মক লঙ্ঘন।
গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের জনপ্রিয় জাতীয়তাবাদী ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে মিছিল করেন বিক্রম সিংসহ অন্য আইনজীবীরা। কানহাইয়াকে আদালতে হাজির করা হলে তাঁরা এই ছাত্রনেতা ও অপেক্ষমাণ সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন স্থানে তল্লাশি: এদিকে ভারতবিরোধী স্লোগান দেওয়ার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধানে রাজধানী ছাড়াও উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। আর জেএনইউ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিবেদনে সন্দেহভাজন আট শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তাঁদের তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।