আদালতে ধাক্কা খেলেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লির আম আদমি সরকার দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেল। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দিলেন, দিল্লির উপরাজ্যপালই দিল্লি রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁকে না জানিয়ে রাজ্য মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই।
প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি জয়ন্তনাথ জানিয়ে দেন, কোনো সিদ্ধান্তই উপরাজ্যপালকে অন্ধকারে রেখে নেওয়া যাবে না। রাজ্যের অধীনে যে দুর্নীতি রোধ শাখা রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করার অধিকার তার নেই। বিচারকেরা আরও বলেন, ভারতের সংবিধানের ২৩৯ ধারা অনুযায়ী উপরাজ্যপালই দিল্লি রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁকে জানিয়েই রাজ্য সরকারকে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে।
এএপি দিল্লির ক্ষমতায় আসার পর থেকেই এখতিয়ার ও অধিকারের প্রশ্ন ঘিরে উপরাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের লড়াই শুরু হয়। দিল্লির পুলিশ কার নির্দেশ মানবে, সরকারি কর্তাদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের এখতিয়ারে কি না কিংবা রাজ্যের দুর্নীতি রোধ শাখা কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারে কি না, এগুলোসহ বহু বিষয়ে উপরাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধ লেগেই রয়েছে। দিল্লির ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেজরিওয়াল। প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন বিজেপির নেতা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ও উপরাজ্যপাল নাজিব জংয়ের বিরুদ্ধে সিএনজি কেলেঙ্কারির তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ নিয়ে উপরাজ্যপালের সঙ্গে তাঁর খিটমিট লেগেই রয়েছে। অধিকারের এই প্রশ্নই হাইকোর্টে বিবেচিত হয় এবং সেখানে জোর ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে।

দিল্লি পুরোদস্তুর রাজ্য নয়। এই শহর ভারতের রাজধানীও। তাই দিল্লি ও তার আশপাশের এলাকার জমি এবং দিল্লি পুলিশের অধিকার কেন্দ্রীয় সরকারের। এই রাজ্যের উপরাজ্যপালই প্রশাসনিক কর্তা। সংবিধান অনুযায়ী উপরাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার নির্দেশ অনুযায়ী চলতে বাধ্য নন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এখন উত্তরাখন্ড রাজ্যের ধর্মশালায় প্রাকৃতিক চিকিৎসা করাচ্ছেন। তাঁর দলের মুখপাত্র আশুতোষ বলেছেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।