আদালতে যাচ্ছেন সোনিয়া-রাহুল
সিদ্ধান্ত ঠিকঠাক পালিত হলে আগামীকাল শনিবার পাটিয়ালা হাউস আদালতে হাজিরা দেবেন সোনিয়া ও রাহুল গান্ধী। তবে বিরাট কোনো শোরগোল তুলে নয়। কারণ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, আদালত চত্বরে বিশাল সমাবেশ বা মিছিল হলে বিচারপতিরা তা ভালোভাবে নেন না। তাঁরা মনে করতে পারেন আদালতকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।
তবে সোনিয়া ও রাহুল আদালতে জামিনের আবেদন জানাবেন, নাকি জামিন না নিয়ে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে লড়াইটাকে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে যাবেন, সে বিষয়ে কংগ্রেস চুপ।
কাল শনিবার সোনিয়া-রাহুলদের সঙ্গী হতে পারেন সংসদের উভয় কক্ষের দশ-বারোজন শীর্ষ সদস্য। আদালত কক্ষে কোনো স্লোগান নয়, আদালতের বাইরেও প্ররোচনামূলক কোনো সমাবেশ বা ভাষণ নয়। এমন কিছু করা হবে না, যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। শুনানি শেষে বিচারপতির নির্দেশ জানার পর কংগ্রেস তার পরবর্তী রাজনৈতিক কৌশল ঠিক করবে।
কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং এই মামলার প্রধান আইনজীবী অভিষেক মনু সিংভি আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আইনি লড়াই আমরা আইনি পথেই লড়ব। রাজনৈতিক মোকাবিলা কেমনভাবে করা হবে তা দল আলোচনা করে ঠিক করবে।’
সুব্রক্ষ্মণ্যম স্বামী ২০১২ সালের ১ নভেম্বর দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে যখন এই মামলা দায়ের করেন, তখন তিনি জনতা পার্টির সভাপতি। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁর দায়ের করা এই মামলায় সোনিয়া-রাহুলদের জামিনের আরজি দিল্লি হাইকোর্ট খারিজ করার পর কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার’ অভিযোগ তোলা হয়েছিল। প্রতিবাদের ঢেউ সংসদেও আছড়ে পড়ে। কিন্তু সবদিক খতিয়ে দেখে ঠিক হয়েছে, কংগ্রেস নিম্ন আদালতের কাছে তাদের রাজনৈতিক শক্তির কোনো প্রদর্শন করবে না। রাজনৈতিক কারণে বিজেপি বিচারব্যবস্থাকে কাজে লাগাচ্ছে এমন অভিযোগ প্রথম দিকে করলেও এখন আর নতুনভাবে করা হবে না। বরং বলা হচ্ছে বিচারব্যবস্থার প্রতি কংগ্রেসের পূর্ণ আস্থা থাকার কথা। শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, গান্ধী পরিবারের পাশে দলের পূর্ণ সমর্থন যেমন রয়েছে তেমনই পূর্ণ আস্থা রয়েছে দেশের বিচার ব্যবস্থার প্রতি।
দেশ ও দলের জন্য একটা খবরের কাগজ প্রকাশের কথা প্রথম ভেবেছিলেন জওহরলাল নেহরু ১৯৩৭ সালের সাধারণ নির্বাচন জেতার পর। পরের বছরেই ইংরেজি ভাষায় ‘ন্যাশনাল হেরাল্ড’ ও উর্দু ভাষায় ‘কৌমি আজাদ’ প্রকাশিত হয়। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) নামে একটি কোম্পানি খোলা হয়, যার শেয়ার হোল্ডার ছিলেন ৭৬১ জন কংগ্রেস নেতা। নেহরু হন ন্যাশনাল হেরাল্ডের প্রথম সম্পাদক। এত দ্রুত কাগজটি জনপ্রিয় হয়ে যায় যে, ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময় ব্রিটিশ সরকার তা নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ সাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল। উত্তর প্রদেশের লখনৌ থেকে যাত্রা শুরু করে ন্যাশনাল হেরাল্ড দিল্লিসহ বিভিন্ন স্থানে অফিস স্থাপন করে। এজেএলের সেই সব সম্পত্তির বর্তমান বাজার মূল্য, সুব্রক্ষ্মণ্যমের মতে, ৫ হাজার কোটি রুপি।
ন্যাশনাল হেরাল্ডের পুনরুজ্জীবনে কংগ্রেস ৯০ কোটি রুপি ঋণ দিয়েছিল বিনা সুদে। কিন্তু তাতেও কাগজকে বাঁচানো যায়নি। ২০০৮ সালে সোনিয়া গান্ধী কাগজটিকে একেবারেই বন্ধ করে দেন। ইতিমধ্যে কংগ্রেস ইয়ং ইন্ডিয়ান (ওয়াইআই) নামে অন্য একটি কোম্পানি খোলে যার শেয়ার হোল্ডাররা হচ্ছেন এজেএলে যাঁরা ছিলেন তাঁরাই। সুব্রক্ষ্মণ্যমের অভিযোগ, নতুন এই কোম্পানি মাত্র ৫০ লাখ রুপির বিনিময়ে এজেএল অধিগ্রহণ করে এবং তার ঋণ ইকুইটিতে রূপান্তরিত হয়ে পরিচালকদের মধ্যে বণ্টন করে। এই ব্যবস্থাকে সুব্রক্ষ্মণ্যম ‘বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও তহবিল তছরুপ’ বলে অভিহিত করেছেন। মামলাটি গ্রহণ করে নিম্ন আদালত সোনিয়া, রাহুল, মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে প্রমুখদের ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেন। কংগ্রেস নেতারা সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন।
জরুরি অবস্থায় বাড়াবাড়ি রকমের মানবাধিকার খর্ব করার অভিযোগ খতিয়ে দেখতে জনতা পার্টি ১৯৭৭ সালে ক্ষমতায় এসে শাহ কমিশন গঠন করেছিল। ইন্দিরা গান্ধী ও তাঁর পুত্র সঞ্জয়কে সেই কমিশনে হাজিরা দিতে হয়েছিল। ৩৭ বছর পর ইন্দিরার পুত্রবধূ সোনিয়াকেও পুত্রসহ আদালতে হাজিরা দিতে হচ্ছে। ইতিহাসের এ এক অদ্ভুত পুনরাবৃত্তি। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ তুলে সোনিয়া মাত্র কদিন আগেই বলেছিলেন, তিনি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। তিনি কোনো কিছুকেই ভয় পান না। নরেন্দ্র মোদির দল ও সরকারের বিরুদ্ধে কংগ্রেস কোমর কষে নেমেছে। ন্যাশনাল হেরাল্ড মামলা শেষ পর্যন্ত সেই সার্বিক আক্রমণেরই একটা অঙ্গ হয়ে ওঠে কি না, কাল শনিবার তার আঁচ পাওয়া যাবে।