আনন্দিবেন দায়ী করলেন অমিত শাহকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল তাঁর ইস্তফার কারণ হিসেবে দায়ী করলেন বিজেপি সভাপতি অমিত শাহকে। ইস্তফার ঘোষণার পরে নিজের ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, বয়সের কারণে নয়, পদত্যাগ করেছেন সভাপতির জন্যই। দলের সর্বভারতীয় সভাপতি ইদানীং তাঁকে একেবারেই কাজ করতে দিচ্ছিলেন না।

আনন্দিবেন ঘনিষ্ঠ মহলে এ কথাও বলেছেন, তাঁকে হেনস্তা করার জন্য রাজ্যের বিক্ষোভকারীদের নাকি নানাভাবে কাজে লাগানো হচ্ছিল। ইস্তফার ঘোষণা শোনার পর পরই অমিত শাহ গতকাল সোমবার জানিয়ে দেন, দলের সংসদীয় বোর্ড পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে।

আনন্দিবেনকেই তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর আমলে গুজরাটে বিজেপির দখল কমেছে। প্যাটেল সম্প্রদায়ের নেতা হিসেবে উঠে এসে সরকারবিরোধী আন্দোলন ক্ষুরধার করে তুলেছেন হার্দিক প্যাটেল। বিক্ষোভে ফেটে পড়েছেন দলিতরাও। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতারা আনন্দিবেনের নেতৃত্বকে যোগ্য বলে মনে করছেন না। তাঁরা নতুন মুখ চাইছেন।

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দুটি নাম উঠে আসছে। নীতিন প্যাটেল ও বিজয় রূপানি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের মতে, নীতিনের হাতে ক্ষমতা দিলে প্যাটেল জাতভুক্তদের খুশি রাখা যাবে। বিজয় রূপানি জৈন সম্প্রদায়ের মানুষ। অমিত শাহর ঘনিষ্ঠও তিনি। দুজনের মধ্যে তিনি কম বিতর্কিত।