আফগানিস্তানে অপহৃত ভারতীয় নারী উদ্ধার

আফগানিস্তানের কাবুল থেকে এক মাসেরও বেশি সময় আগে অপহৃত ভারতের এক নারী দাতব্য কর্মীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আফগানিস্তানে অনেক দিন ধরে কাজ করা এনজিও আগা খান ফাউন্ডেশনের কর্মী জুডিথ ডি সুজা (৪০) গত ৯ জুন মধ্য কাবুলে নিজ বাসার কাছ থেকে অপহৃত হন।
গতকাল শনিবার টুইটারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লেখেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুডিথ ডি সুজা উদ্ধার হয়েছেন।’ আফগানিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর গতকাল (শনিবার) সন্ধ্যায়ই দিল্লি পৌঁছানোর কথা বলেও জানান সুষমা।
আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, শুক্রবার কাবুলে অভিযান চালিয়ে ভারতের কলকাতার মেয়ে জুডিথকে উদ্ধার করা হয় এবং এ জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির এই কর্মকর্তা আরও বলেন, জঙ্গিরা নয়, বরং একটি অপরাধী চক্র এই অপহরণের ঘটনায় জড়িত ছিল।
গত মে মাসে কাবুলে অল্পের জন্য অপহরণের হাত থেকে রেহাই পান এক মার্কিনি।