আবার অশান্ত কাশ্মীর
দিন কয়েক তুলনামূলকভাবে শান্ত থাকার পর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর ফের অশান্ত হয়ে উঠেছে। গত শুক্রবার তিন পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর পর গতকাল শনিবার গোটা দিন উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক দিনে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে আটক করেছেন। সহিংসতায় আহতের সংখ্যা তিন শতাধিক।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় রাজ্যের এই দুরবস্থার জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছেন। তাঁর প্রশ্ন, আর কবে প্রধানমন্ত্রীর ঘুম ভাঙবে? কবে তিনি নড়েচড়ে বসবেন?
গত শুক্রবার এক দিনে উপত্যকায় তিনজন নিহত হয়। তার আগের দিনই ২৪ ঘণ্টার সফরে ইসলামাবাদে গিয়ে সন্ত্রাসের জন্য পাকিস্তানকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি ইসলামাবাদে বলেন, সন্ত্রাসীদের স্বাধীনতা সংগ্রামী বলা ঠিক নয়।
কাশ্মীর নিয়ে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের ওই সম্মেলনে ভারত ও পাকিস্তানের মধ্যে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টার অন্ত ছিল না। পাকিস্তান পক্ষও ভারতের অভিযোগের কড়া জবাব দেয় বলে সে দেশের প্রচারমাধ্যম বলেছে। রাজনাথের পাকিস্তান সফরের বিরোধিতায় গোটা দেশে বিক্ষোভ সমাবেশ করে ভারতবিরোধী শক্তিগুলো। তার রেশ যে সীমান্তের এপারে উপত্যকায়ও পড়বে, সেই আশঙ্কা ভারতীয় গোয়েন্দা মহলে ছিল। সে জন্য সতর্ক ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু নতুন উদ্যোগে গোটা উপত্যকায় শুরু হয় বিক্ষোভ।
শুক্রবার উপত্যকা যখন অশান্ত, তখনই সুপ্রিম কোর্টে দেশের সলিসিটর জেনারেল রণজিৎ কুমার বলেন, কারফিউ শিথিল করা হচ্ছে এবং রাজ্যের পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে উঠছে। জম্মু-কাশ্মীর প্যান্থার্স পার্টির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়, রাজ্য সরকার নিদারুণ ব্যর্থ। রাজ্যে তাই রাজ্যপালের শাসন জারি করা হোক। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে রাজ্যের পরিস্থিতির ওপর প্রতিবেদন দিতে বলেন। সলিসিটর জেনারেল ওই প্রতিবেদন পেশ করেন। তাতেই বিস্মিত সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর টুইট। প্রধানমন্ত্রীর মৌনতা ভাঙার কথা বলার পর তিনি অন্য এক টুইটার বার্তায় বলেন, ‘বিজেপি-পিডিপি ছাড়া রাজ্যের আর কাউকে দেখছি না, যিনি পরিস্থিতির উন্নতি দেখছেন।’ কেন্দ্রকে ওমরের কটাক্ষ, ‘কল্পনারও একটা সীমা থাকা উচিত।’
সলিসিটর জেনারেল যে হিসাব সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন তাতে বলা হয়, ৮ জুলাই তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির সঙ্গে আরও দুই সন্ত্রাসীর মৃত্যুর পর গোটা উপত্যকায় সহিংস বিক্ষোভের সংখ্যা ছিল ২০১। ৩ আগস্ট সেই সংখ্যা ১১। কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী ৮ জুলাই থেকে ৮৭২টি হিংসাত্মক ঘটনায় ৪২ জন নাগরিকের মৃত্যু হয়। আহত হন ২ হাজার ৬৫৬ জন। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যেরও মৃত্যু হয়।