আবার আলোচনায় সাক্ষী মহারাজ!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আইনপ্রণেতা সাক্ষী মহারাজ বলেছেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমরা দায়ী। তবে এ বক্তব্য প্রত্যাখ্যান করে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বলেছে, এ বক্তব্যের সঙ্গে বিজেপি ও সরকার কেউই একমত নয়।
গতকাল শুক্রবার উত্তর প্রদেশ রাজ্যের মীরুতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাজ্যের উনাও অঞ্চলের আইনপ্রণেতা মহারাজ বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির কারণ হিন্দুরা নয়। যারা ৪ স্ত্রী ও ৪০ সন্তানের ধারণা সমর্থন করে, তাদের কারণে জনসংখ্যা বাড়ছে।’
সাক্ষী মহারাজের এ বক্তব্যের বিষয়ে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস বলেছেন, ‘এটা বিজেপির অবস্থান বলে মনে করা উচিত নয়।’
তবে ওই বক্তব্যের জন্য সাক্ষী মহারাজ মোটেই অনুতপ্ত নন। আজ শনিবার তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। নারীরা যন্ত্র নন। ৪ স্ত্রী, ৪০ সন্তান...গ্রহণযোগ্য নয়। আমাদের পুরস্কার দেওয়া উচিত কারণ আমরা চার ভাইয়ের সবাই অবিবাহিত এবং আমাদের কোনো সন্তান নেই।’
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির ওই আইনপ্রণেতা এমন মন্তব্য করলেন।
সাক্ষী মহারাজের এ বক্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটি নির্বাচন কমিশনের কাছে ধরনা দেবে বলে জানিয়েছে।
কংগ্রেস নেতা কেসি মিতাল এএনআইকে বলেন, ‘ধর্ম ও বর্ণভিত্তিক ওই বক্তব্য অত্যন্ত অবমাননাকর। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। আমার মনে হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে যাব।’
সাক্ষী মহারাজ বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। গত বছর তিনি গো-হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। এ ছাড়া তিনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ‘পাগল’ বলে বলে আখ্যা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করেন।
সূত্র: এনডিটিভি