আবার গ্রেপ্তার মণিপুরের 'লৌহমানবী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির আদেশ পাওয়ার দুই দিন পর আজ শুক্রবার আবার গ্রেপ্তার করা হয়েছে মণিপুরের ‘লৌহমানবী’ ও অধিকারকর্মী ইরোম শর্মিলাকে। ভারতের মণিপুরে ১৪ বছর ধরে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় অধিকারকর্মী জানকী দেবী এএফপিকে জানান, তাঁদের অহিংস আন্দোলন চলাকালে একদল নারী পুলিশ সদস্য আসেন। তাঁরা জোর করে লৌহমানবী ইরোম শর্মিলাকে আন্দোলনের জায়গা থেকে ধরে নিয়ে যান।

পুলিশ জানায়, অনশন ভেঙে খাবার খেতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, খাবার না খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করছেন।

পুলিশ জানায়, তাঁকে ইমফলের কারাগারে নেওয়া হবে। সেখানে নল দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হবে। নাম প্রকাশ না করে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা তাঁকে মরতে দিতে পারি না।’

গত মঙ্গলবার মণিপুরের একটি আদালত শর্মিলার মুক্তির আদেশ দিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়। ২০০০ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকে শর্মিলা অনশনে আছেন। তখন থেকে জোর করে নাকে নল ঢুকিয়ে তরল খাবার দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। অনশনের নামে শর্মিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

তবে ওই দিন আদালতের দেওয়া ভাষ্য, শর্মিলার বিরুদ্ধে আত্মহত্যাচেষ্টার অভিযোগের কোনো ভিত্তি নেই। এ অভিযোগে তাঁকে অভিযুক্ত করে দেওয়া আদেশের বিরুদ্ধে তিনি ২০১২ সালে আবেদন করেছিলেন।

বর্তমানে ইরোম শর্মিলার বয়স ৪২ বছর। ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট বাতিলের দাবিতে তিনি অনশন করছেন। ওই আইন অনুসারে সংঘাতপূর্ণ এলাকায় যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

এনডিটিভিতে প্রকাশিত খবরে বলা হয়, আসাম রাইফেলস সদস্যদের গুলিতে ইমফলে ১৪ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ২৭ বছর বয়সে ইরোম শর্মিলা প্রথম অনশন শুরু করেন। এর তিন দিন পর মণিপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকে তিনি বিচারিক হেফাজতে আছেন।

শর্মিলার আইনজীবীরা বরাবরই বলে আসছেন, তিনি আত্মহত্যার চেষ্টা করছেন না। তিনি একটি সুনির্দিষ্ট দাবিতে অনশন করছেন।