আবার চীনা ডুবোজাহাজ আসছে শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জোর আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কা তার বন্দরে আবারও একটি চীনা ডুবোজাহাজ প্রবেশের অনুমতি দিয়েছে। পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজটি শিগগিরই শ্রীলঙ্কার বন্দরে নোঙর করবে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পক প্রণালিতে চীনা ডুবোজাহাজের সম্ভাব্য উপস্থিতি ভারতকে অস্বস্তিতে ফেলেছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর একটি চীনা ডুবোজাহাজ কলম্বো বন্দরে নোঙর করে। এ ব্যাপারে ভারত এই মাসের শুরুতে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষের কাছে উদ্বেগ জানিয়ে বার্তা পাঠায়। তাই দ্বিতীয় চীনা ডুবোজাহাজ প্রবেশের অনুমতিকে ভারতের ওই বার্তার প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করা হচ্ছে।
ভিয়েতনামের প্রেসিডেন্টের ছয় দিনব্যাপী ভারত সফরের কয়েক দিন পরই চীনা ডুবোজাহাজের শ্রীলঙ্কার বন্দরে আসার এ খবর এল। ভারত ভিয়েতনামকে এ সময় সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সমুদ্রসীমা নিয়ে ভিয়েতনামের সঙ্গে চীনের মতান্তর চলছে।
চীনের ডুবোজাহাজ-বহরে ডিজেল ও পরমাণু শক্তিচালিত—উভয় ধরনের ডুবোজাহাজ রয়েছে। গত বছরের শুরুতে চীনের ডুবোজাহাজ পারস্য উপসাগরে যাওয়ার পথে প্রথমবারের মতো ভারত মহাসাগরের জলসীমায় প্রবেশ করলে তা আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় আসে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, চীনের ডুবোজাহাজের বহরকে এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয়। শ্রীলঙ্কার বন্দরে এগুলোর অবস্থান ভারতকে মারাত্মক অস্বস্তিতে ফেলছে। তবে শ্রীলঙ্কার সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় নিশ্চিত করেছে, দ্বীপ দেশটিতে চীনের কোনো সামরিক উপস্থিতি নেই। পরে চীনও জানায়, সেপ্টেম্বরে তাদের ডুবোজাহাজ পারস্য উপসাগরীয় বন্দর এডেনে যাওয়ার পথে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করে মাত্র।
শ্রীলঙ্কার ২০০৫ সালের নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষে প্রেসিডেন্ট হওয়ার পর চীনের সঙ্গে দেশটির বহুমুখী সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে অবকাঠামো খাতে। শ্রীলঙ্কার বড় অবকাঠামো হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর চীনের নির্মিত।