আবার হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং
ফাইল ছবি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর-পরবর্তী শারীরিক দুর্বলতার কারণে স্থানীয় সময় গতকাল বুধবার হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত এপ্রিলে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এর এক মাস পর আবার অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। গতকাল আবারও হাসপাতালে যেতে হলো ৮৯ বছর বয়সী এই প্রবীণ কংগ্রেস নেতাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, মনমোহন কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখতে গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা।

মনমোহন সিংয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, সাবেক এ প্রধানমন্ত্রীর শরীরে জ্বর নেই। তবে তিনি শারীরিকভাবে ক্লান্ত আর দুর্বল। দুর্বলতা কাটাতে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।

এদিকে মনমোহন সিংয়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠেছে। সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এ ব্যাপারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যোগাযোগ বিভাগের সেক্রেটারি ইনচার্জ প্রণব ঝা একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অযথা কিছু গুজব ছড়িয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। নিয়মিত চিকিৎসার মধ্যে আছেন তিনি। এ ব্যাপারে খোঁজখবর রাখায় গণমাধ্যমে নিয়োজিত বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’

কংগ্রেসের এক টুইটে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতও মনমোহনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।