আম আদমি পার্টিতে আরও বিরুদ্ধ মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শীর্ষ নেতাকে দলের রাজনীতিবিষয়ক কমিটি থেকে সরানোর পরও ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিতে (এএপি) বিরুদ্ধ স্বর চাপা থাকছে না। রাজনীতিবিষয়ক কমিটির (পিএসি) অন্যতম সদস্য মহারাষ্ট্রের নেতা মায়াঙ্ক গান্ধী তাঁর ব্লগে জানিয়ে দিয়েছেন, যেভাবে যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে ছাঁটাই করা হলো, তা সমর্থনযোগ্য নয়।
দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির গত বুধবারের বৈঠকে কী ঘটেছিল, কীভাবে দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবীদের ইচ্ছার বাইরে গিয়ে যাদব ও ভূষণকে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি পিএসি থেকে বাদ দেওয়া হলো, মায়াঙ্ক তা সবিস্তারে জানিয়ে দিয়েছেন। বলেছেন, বৈঠকের বিষয়ে বাইরে মুখ খোলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি এই কাজ করেছেন নিজের ‘বিবেকের কাছে সৎ থাকার তাগিদে’। মায়াঙ্ক লিখেছেন, জবরদস্তি মুখ বন্ধ করার নির্দেশ মানা তাঁর পক্ষে সম্ভব নয়। স্পষ্টতই বোঝা যাচ্ছে, যাদব ও ভূষণকে ছেঁটে ফেললেও এএপিতে অরবিন্দ কেজরিওয়াল নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছেন না।
বুধবারের দীর্ঘ বৈঠকে কেজরিওয়াল যোগ দেননি। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি তাঁর হাতেই ছিল। মায়াঙ্ক গান্ধী লিখেছেন, যাদব ও ভূষণ বুঝতে পেরেছিলেন, কেজরিওয়ালের কাছে তাঁরা আর গ্রহণযোগ্য নন। ফলে তাঁরা দুটি সূত্রও দিয়েছিলেন। বলেছিলেন, রাজনীতিবিষয়ক কমিটি পুনর্গঠন করা হোক নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে তাঁরা দাঁড়াবেন না। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ এই কমিটিই কাজ চালিয়ে যাক। তাঁরা বৈঠকে আসবেন না। যাদব ও ভূষণ চাইছিলেন না, তাঁদের দুজনকে আলাদা করে বাদ দেওয়া হোক। এই প্রস্তাব দেওয়া সত্ত্বেও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের বাদ দেওয়ার প্রস্তাবই নিয়ে আসেন। এটা সমর্থনযোগ্য বলে মনে হয়নি মায়াঙ্কের।
প্রস্তাব অনুযায়ী বুধবারের সভায় ভোট হয়। প্রস্তাবটি ১১-৮ ভোটে পাস হয়। মায়াঙ্ক ভোট দেননি। তিনি লিখেছেন, বৈঠকের কথা প্রকাশ্যে না বলার জন্য তাঁকে সাবধান করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি তা জানাচ্ছেন ‘সত্যের খাতিরে’। তাঁর কথায়, ‘আমি স্বেচ্ছাসেবীদের প্রতিনিধি। স্বেচ্ছাসেবীরাই দলের প্রাণ। তাঁদের সত্যটা জানা দরকার। সত্যের কাছেই আমার আনুগত্য।’
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কাজ থেকে ১০ দিনের ছুটি নিয়ে কয়েক দিন আগে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গেছেন। যাদব ও ভূষণকে দূরে সরিয়ে তিনি কিন্তু বিশেষ নিশ্চিন্ত হতে পারবেন না। তার প্রধান কারণ যদি হয় যাদব ও ভূষণের পক্ষে আটটি ভোট পড়া, দ্বিতীয় কারণ তাহলে এত কিছুর পরও মায়াঙ্কদের মতো বিরুদ্ধ স্বর প্রকাশ্যে আসা।
যাদব অবশ্য গতকালও দলবিরোধী কোনো মন্তব্য করেননি। বরং ফেসবুকে লিখেছেন, ‘প্রশান্ত বা আমাকে পিএসি থেকে বাদ দেওয়াটা বড় কথা নয়। বড় কথা দলটা বাড়ছে কি না। একমাত্র আমরা দুজনেই দলের বিবেক এমন মনে করারও কোনো কারণ নেই। আমাদের চেয়ে অনেক অনেক বড় আম আদমি পার্টি। এই দলের ভবিষ্যৎ নেই এমন ভাববেন না। এএপি ও অন্য দলের মধ্যে কোনো পার্থক্য নেই এ কথাও মনে করবেন না।’
মায়াঙ্কের অভিমত সম্পর্কে যাদবের মন্তব্য, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।