আম আদমি পার্টিতে আরও বিরুদ্ধ স্বর!

দুই শীর্ষ নেতাকে রাজনৈতিক বিষয়ক কমিটি থেকে সরানোর পরেও আম আদমি পার্টিতে (এএপি) বিরুদ্ধ স্বর চাপা থাকছে না। রাজনৈতিক বিষয়ক কমিটির (পিএসি) অন্যতম সদস্য মহারাষ্ট্রের নেতা মায়াঙ্ক গান্ধী তাঁর ব্লগে জানিয়ে দিয়েছেন, যেভাবে যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে ছাঁটাই করা হলো, তা সমর্থনযোগ্য নয়।
গতকাল বুধবার দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কী ঘটেছিল, কীভাবে দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবীদের ইচ্ছার বাইরে গিয়ে যাদব ও ভূষণকে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি পিএসি থেকে বাদ দেওয়া হলো, মায়াঙ্ক তা সবিস্তারে জানিয়ে দিয়েছেন। বৈঠকের বিষয়ে বাইরে মুখ খোলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মায়াঙ্ক এই কাজ করেছেন নিজের বিবেকের কাছে সৎ থাকার তাগিদে। তিনি লিখেছেন, জবরদস্তি মুখ বন্ধ করার নির্দেশ মানা তাঁর পক্ষে সম্ভব নয়। স্পষ্টতই বোঝা যাচ্ছে, যাদব ও ভূষণকে ছেঁটে ফেললেও এএপিতে অরবিন্দ কেজরিওয়াল নিরঙ্কুশ হতে পারছেন না।
বুধবারের দীর্ঘ বৈঠকে কেজরিওয়াল আসেননি। কিন্তু না এলেও সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি তাঁর হাতেই ছিল। মায়াঙ্ক লিখেছেন, যাদব ও ভূষণ বুঝতে পেরেছিলেন, কেজরিওয়ালের কাছে তাঁরা আর গ্রহণযোগ্য নন। ফলে তাঁরা দুটি সূত্রও দিয়েছিলেন। বলেছিলেন, রাজনৈতিক বিষয়ক কমিটি পুনর্গঠন করা হোক নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে তাঁরা দাঁড়াবেন না। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ এই কমিটিই কাজ চালাক। তাঁরা বৈঠকে আসবেন না। যাদব ও ভূষণ চাইছিলেন না, তাঁদের দুজনকে আলাদা করে বাদ দেওয়া হোক। এই প্রস্তাব দেওয়া সত্ত্বেও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দিল্লির নেতাদের সঙ্গে আলোচনা করে দুজনকে বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে আসেন। এটা সমর্থনযোগ্য বলে তাঁর মনে হয়নি। মায়াঙ্ক লিখেছেন, স্বেচ্ছাসেবকদের প্রতিনিধি হিসেবে তিনি বলতে পারেন, এই সিদ্ধান্ত স্বেচ্ছাসেবীদের কাঙ্ক্ষিত ছিল না।
প্রস্তাব অনুযায়ী ভোট হয়। প্রস্তাবটি ১১-৮ ভোটে পাস হয়। মায়াঙ্ক ভোট দেননি। তিনি লিখেছেন, বৈঠকের কথা প্রকাশ্যে না বলার জন্য তাঁকে সাবধান করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি তা জানাচ্ছেন সত্যের খাতিরে। তাঁর কথায়, আমি স্বেচ্ছাসেবীদের প্রতিনিধি। সেচ্ছাসেবীরাই দলের প্রাণ। তাঁদের সত্যটা জানা দরকার। সত্যের কাছেই আমার আনুগত্য।
কেজরিওয়াল কাজ থেকে দশ দিনের ছুটি নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গেছেন। যাদব ও ভূষণকে দূরে সরিয়ে তিনি কিন্তু বিশেষ নিশ্চিন্ত হতে পারবেন না। তার প্রধান কারণ যদি হয় যাদব ও ভূষণের পক্ষে ৮টি ভোট পড়া, দ্বিতীয় কারণ তা হলে মায়াঙ্কদের মতো বিরুদ্ধ স্বর এত কিছুর পরেও প্রকাশ্যে আসা।
যাদব অবশ্য আজ বৃহস্পতিবারেও দলবিরোধী কোনো মন্তব্য করেননি। বরং ফেসবুকে লিখেছেন, প্রশান্ত বা আমাকে পিএসি থেকে বাদ দেওয়াটা বড় কথা নয়। বড় কথা দলটা বাড়ছে কি না। একমাত্র আমরা দুজনেই দলের বিবেক এমন মনে করারও কোনো কারণ নেই। আমাদের চেয়ে অনেক অনেক বড় আম আদমি পার্টি। এই দলের ভবিষ্যৎ নেই এমন ভাববেন না। এএপি ও অন্য দলের মধ্যে কোনো পার্থক্য নেই একথাও ভাববেন না। মায়াঙ্কের অভিমত সম্পর্কে তাঁর মন্তব্য, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।