আম আদমি পার্টিতে গৃহবিবাদ শুরু?

বিরাট জয় নিয়ে দিল্লি বিধানসভার ক্ষমতায় আসার এক মাস না পেরোতেই আম আদমি পার্টিতে (এএপি) গৃহবিবাদ শুরু হয়ে গেছে। দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
দুই নেতার কথিত ষড়যন্ত্র, এ-সংক্রান্ত চিঠি উদ্ধার এবং একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে এএপির অন্তর্কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আগামীকাল বুধবার জরুরি বৈঠকে বসছে দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটি। এএপির মুখপাত্র সঞ্জয় সিং গতকাল সোমবার এসব কথা জানান। সেই বৈঠকে দলীয় দুই নেতার ভাগ্য নির্ধারিত হবে। রবীন্দ্র ও প্রশান্তকে দলের রাজনীতিবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
এএপি দলীয় সূত্রের দাবি, ভূষণের দলবিরোধী কার্যক্রমের রেকর্ড পাওয়া গেছে।
দলের মুখপাত্র সঞ্জয় সিং গতকাল বলেন, ‘যাদব আর প্রশান্ত এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দলের জাতীয় পরিষদের আহ্বায়কের পদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। ... কিছু লোক দলকে একটি মশকরার বস্তুতে পরিণত করেছে।’
বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এএপির সহ-আহ্বায়ক দুর্গেশ পাঠক বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে প্রশান্তজি ও যোগেন্দ্রজি চেয়েছিলেন দিল্লির নির্বাচনে আমরা হেরে যাই।’
যাদব-প্রশান্তের বলে কথিত একাধিক চিঠিও ফাঁস হয়েছে, যেগুলোতে এঁরা কেজরিওয়ালের নেতৃত্বের প্রতি তাঁদের উষ্মা প্রকাশ করেছিলেন। প্রশান্ত ভূষণের এমন একটি চিঠিতে বলা হচ্ছে, ‘দিল্লির নির্বাচনে এক ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনী প্রচার চলেছে। এই প্রবণতার ফলে অন্য সব দলের সঙ্গে আমাদের দলের আর কোনো পার্থক্য থাকছে না। ...এভাবে এককেন্দ্রিক নেতৃত্ব থেকে বের হয়ে আসতে হলে আমাদের সংশোধন দরকার।’
তবে চক্রান্তের এসব অভিযোগ অস্বীকার করে যোগেন্দ্র টুইটারে লিখেছেন, ‘সব কথা কল্পিত ও ভিত্তিহীন। এসবের পেছনে একটা উদ্দেশ্য আছে।’
কংগ্রেসে রদবদল: এদিকে ভারতের কংগ্রেস দল পাঁচ রাজ্যে নতুন দলীয় প্রধান নিয়োগ দিয়েছে। আগামী মাসে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে সভাপতি পদে রাহুল গান্ধীকে নিয়োগ দেওয়ার আগে এ সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন এ নিয়োগ রাহুল গান্ধীর ইচ্ছার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন দিল্লিতে অজয় মাকেন, মহারাষ্ট্রে অশোক চ্যবন, জম্মু ও কাশ্মীরে গোলাম আহমেদ মীর, ভারতসিন সোলাঙ্কি এবং তেলেঙ্গানায় উত্তম রেড্ডি।