আম আদমি পার্টিতে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত রাজনৈতিক দল আম আদমি পার্টিতে (এএপি) ভাঙন দেখা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার দলটির জাতীয় নির্বাহী কমিটি থেকে দুই শীর্ষ নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে বরখাস্ত করা হয়েছে।

এএপির জাতীয় কাউন্সিলের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে দলের অন্যতম প্রতিষ্ঠাতা দুই সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্তটি নেওয়া হয়। জাতীয় কাউন্সিলের প্রায় ৩০০ জন সদস্যের মধ্যে ২৩০ জন যোগেন্দ্র ও প্রশান্তকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন। এই দুজন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন।

যোগেন্দ্রদের সমর্থক আনন্দ কুমার ও অজিত ঝাকেও দলের জাতীয় নির্বাহী কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দলের এই সিদ্ধান্তকে গণতন্ত্র হত্যার পদক্ষেপ বলে অভিহিত করেছেন যোগেন্দ্র ও প্রশান্ত। বৈঠক থেকে বেরিয়ে যোগেন্দ্র বলেন, জাতীয় কাউন্সিলের বৈঠকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বৈঠকে সবকিছু পূর্বপরিকল্পিতভাবে হয়েছে বলেও দাবি করেন এই দুই নেতা। একই সঙ্গে তাঁরা কেজরিওয়ালের সমর্থকদের বিরুদ্ধে সহিংসতারও অভিযোগ এনেছেন।

এএপির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটি থেকে যোগেন্দ্র ও প্রশান্তকে বরখাস্ত করা হলেও দলে তাঁদের প্রাথমিক সদস্যপদ বহাল থাকবে।