আম আদমি পার্টির জনসভায় কৃষকের আত্মহত্যা
দিল্লির যন্তর-মন্তরে আম আদমি পার্টির (এএপি) জনসভা চলাকালে পাশের একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছেন একজন কৃষক। ওই কৃষকের নাম গজেন্দ্র সিং। তার বাড়ি রাজস্থানের দৌসায়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার বিকেলে কেন্দ্রের জমি বিল এবং কৃষক বঞ্চনার বিরুদ্ধে যন্তর-মন্তরে জনসভার আয়োজন করে এএপি। সেখানেই সভামঞ্চ লাগোয়া একটি গাছে গামছা ঝুলিয়ে প্রকাশ্যে আত্মহত্যা করেন গজেন্দ্র। পরে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গজেন্দ্রকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার আগে লেখা সুইসাইড নোটে তিনি ফসলের ক্ষতির কথা জানিয়েছেন।
সুইসাইড নোটে গজেন্দ্র জানান, ‘জমির ফসল সব নষ্ট হয়ে যাওয়ায় বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার তিনটি সন্তান আছে।’ নোটের শেষে লেখা, ‘জয় জওয়ান, জয় কিষাণ’।
এ সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আম আদমি পার্টির একাধিক নেতা ও সমাবেশস্থলে হাজারো দর্শক-সমর্থক উপস্থিত ছিলেন।
গজেন্দ্রর আত্মহত্যার পর বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। এ ঘটনায় আম আদমি পার্টি দিল্লি পুলিশের অসহযোগিতা ও ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দায়ী করছে। অপরদিকে কংগ্রেস আম আদমি পার্টি ও কেজরিওয়ালকেই এ ঘটনার জন্য দোষ দিচ্ছে।
আম আদমি পার্টির নেতারা বলছেন, আত্মহত্যার আগে গজেন্দ্রকে গাছ থেকে নামিয়ে আনার জন্য দিল্লি পুলিশকে বলা হয়েছিল। কিন্তু পুলিশ তা শোনেনি। আর এ কারণেই গজেন্দ্র বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনার জন্য নরেন্দ্র মোদির বিজেপিকে দায়ী করে এএপি আরও বলছে, বিজেপির বিতর্কিত জমি বিল ও তা ব্যর্থ হওয়ার কারণেই কৃষকেরা আত্মহত্যা করছে।
এদিকে গজেন্দ্র আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে এক টুইটার বার্তায় মোদি বলেন, ‘গজেন্দ্রর মৃত্যুতে পুরো জাতি আজ শোকবিহ্বল। তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।’
টুইটার বার্তায় মোদি আরও বলেন, ‘কৃষকের ভাবার কোনো কারণ নেই যে, তাঁরা একা। আমরা সবাই মিলে ভারতের কৃষকদের জন্য একটি সুন্দর আগামী তৈরি করব।’