আম আদমির কার্যনির্বাহী কমিটি থেকে দুই নেতা বাদ
ভারতের আম আদমি পার্টির (এএপি) কার্যনির্বাহী কমিটি থেকে দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে বাদ দেওয়া হয়েছে। আজ বুধবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তাঁদের বাদ দেওয়া হয়।
দলীয় প্রধানের চেয়ার থেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার চক্রান্তে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তাঁরা সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় আজ সকালে কেজরিওয়াল দলের আহ্বায়কের পদ থেকে সরে যাওয়ার জন্য কার্যনির্বাহী কমিটির কাছে চিঠি দেন। এরপরই কমিটি জরুরি বৈঠকে বসে। বৈঠকে দলীয় প্রধান কেজরিওয়াল উপস্থিত ছিলেন না।
সন্ধ্যায় এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়, ২১ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটির ২০ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ১১ জন সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে কমিটি থেকে বাদ দেওয়ার পক্ষে ভোট দেন। বৈঠকের সভাপতি কুমার বিশ্বাস ভোট দেননি। ওই বৈঠকে কেজরিওয়ালের পদত্যাগপত্র গ্রহন করা হবে না বলেও সিদ্ধান্ত হয়।
খবরে বলা হয়, দল থেকে যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে আত্মসম্মান বজায় রেখে নিজ থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা তাতে রাজি হননি। এরপরই দল তাঁদের কার্যনির্বাহী কমিটি থেকে বহিস্কার করে দেয়।
এএপির কার্যনির্বাহী কমিটি থেকে বহিস্কার প্রসঙ্গে যোগেন্দ্র যাদব বলেন, ‘দল আমাকে যেখানে যে কাজ দেবে, আমি সেই কাজই করব।’
প্রশান্ত ভূষণ বলেন, ‘আমি সবাইকে বলতে চাই, আজকের পর থেকে আমরা দুজন আর দলের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছি না।’