আমরা মোদিকে স্বাগত জানাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর তারা যাঁকে ব্রাত্য করে রেখেছিল, সেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের সঙ্গে প্রথম সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা শুরু করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার পঞ্চম দফার ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত আলোচনায় অংশ নিলেন।
জন কেরি গতকাল বৃহস্পতিবার প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এক ঘণ্টা একান্তে বৈঠক করেন। তারপর দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এনডিটিভি জানায়, কেরির সঙ্গে বৈঠকে সুষমা তাঁর দলের ওপর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকের পর সুষমা গণমাধ্যমকে বলেন, ‘আমি তাঁদের (মার্কিন প্রতিনিধি) বলেছি, খবরটি প্রকাশের পর ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছে। যেখানে দুই দেশই পরস্পরকে বন্ধু হিসেবে বিবেচনা করে, সেখানে এক বন্ধুর ওপর অন্যজন গোপনে খবরদারি করতে পারে না।’
কেরির এই সফরের মূল উদ্দেশ্য মোদি সরকারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা মোদির প্রতি এযাবৎ চলে আসা মার্কিন মনোভাব। গুজরাট-দাঙ্গার পর থেকে মোদিকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। সেই মোদি প্রধানমন্ত্রী হওয়ায় প্রায় এক দশকের মনোভাব পরিবর্তনে ওয়াশিংটন বাধ্য হলো। সেপ্টেম্বরে মোদি যুক্তরাষ্ট্রে যাবেন। সেই সফর যাতে ফলপ্রসূ হয়, প্রধানত সে জন্যই শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে কেরি তিন দিনের ভারত সফরে গতকাল নয়াদিল্লি আসেন। আজ শুক্রবার তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে গতকাল এনডিটিভিকে সাক্ষাৎকার দেন কেরি। এ সময় তিনি বলেন, ‘নরেন্দ্র মোদিকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ছিল আগের সরকারের। আমরা তাঁকে স্বাগত জানাব।’
কেরির সঙ্গে সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী পেনি প্রিটজকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি। ৭ আগস্ট সফরে আসছেন প্রতিরক্ষামন্ত্রী চাক হাগেল। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বিস্তারের সম্ভাবনা নিয়ে বৈঠকে বসবেন। এর আগে বৃহস্পতিবার অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন কেরি। ভারতের প্রতিরক্ষা উৎপাদনে যুক্তরাষ্ট্রের আগ্রহ বহুদিনের। সম্প্রতি ভারতও এ-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কৌশলগত বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি সই হলেও দুর্ঘটনার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতা চুক্তি মার্কিন মুলুকের কাছে একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ওপর কোম্পানিগুলোর চাপও রয়েছে। ভারত সরকারের ওপরও রাজনৈতিক দলগুলোর চাপ প্রবল। বিষয়টির মীমাংসা ছাড়া নিরাপত্তা, পরিবেশ, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন প্রভৃতি বিষয়েও মার্কিন আগ্রহ প্রবল। মোদির সফরের আগে এসব ক্ষেত্রে অগ্রগতির সোপান তৈরিই কেরির ভারত সফরের মূল উদ্দেশ্য।