আমাকে সরিয়ে টাটার গৌরব বাড়েনি: সাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইরাস মিস্ত্রি
সাইরাস মিস্ত্রি

আত্মপক্ষ সমর্থন এবং ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাইরাস মিস্ত্রি। গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি। সম্প্রতি টাটা সন্সের পরিচালন পর্ষদের সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এসব কথা বলেন সাইরাস। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে ই-মেইলের কপি প্রকাশ করা হয়।
ই-মেইলে সাইরাস মিস্ত্রি জানান, ‘যেভাবে চেয়ারম্যানের পদ থেকে আমাকে সরানো হলো, তাতে টাটা বোর্ডের গৌরব বাড়েনি। করপোরেট ইতিহাসে এমনটা ঘটেনি কখনো।’
টাটা গ্রুপের দিকে অভিযোগের তির ছুড়ে সাইরাস মিস্ত্রি বলেন, ‘আমার এই চিঠি লেখার কারণ, গ্রুপে করপোরেট সুশাসনের যে অভাব এবং দায়িত্ব পালনে পরিচালকদের একাংশের ব্যর্থতা বোর্ড যেন বুঝতে পারে।’

সাইরাসের অভিযোগ, টাটার ইতিহাসে অনেক ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে ঋণ বেড়েছে বহু গুণ। যেমন লাভের সম্ভাবনা না থাকা সত্ত্বেও ন্যানো গাড়ি তৈরি চালিয়ে যাওয়ার মতো বেশ কিছু সিদ্ধান্তে ব্যবসার চেয়ে টাটার ব্যক্তিগত পছন্দ ও আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সাইরাসের দাবি, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিয়েও টাটার এই ছবি বদলাতে চেয়েছিলেন তিনি। ই-মেইলে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ইন্ডিয়ান হোটেলস, টাটা মোটরসের যাত্রী গাড়ি, টাটা স্টিলের ইউরোপীয় শাখা, টাটা পাওয়ারের একাংশ ও টাটা টেলি—এই পাঁচ ব্যবসাই খুব খারাপ অবস্থায় হাতে পান তিনি। এর প্রতিটির পেছনেই রতন টাটার ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন সাইরাস।
সাইরাস মিস্ত্রি বলেন, টেলিকম ব্যবসায় জাপানি সংস্থা এনটিটি ডোকোমোর সঙ্গে হাত মেলানোর ক্ষেত্রে শর্তে ভুল ছিল। এই একীভূতকরণ ভাঙতে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার গুনতে হবে টাটার। এ ছাড়া ডোকোমোকে দিতে হবে ১০০ কোটি ডলারেরও বেশি। এ বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।
রতন টাটা থাকাকালে গাড়ি, ইস্পাত বহুজাতিক কোরাস, ব্রিটিশ গাড়ি সংস্থা জাগুয়ার-ল্যান্ড রোভারের মতো বহু বিদেশি সংস্থা কিনেছে টাটা গ্রুপ। সাইরাসের অভিযোগ, ‘টেটলি, জাগুয়ার-ল্যান্ড রোভার ছাড়া অন্যগুলো সফল হয়নি। ঋণ বেড়েছে, কিন্তু মুনাফা সেভাবে আসেনি।’
ই-মেইল বার্তায় সাইরাস জানান, ২০১১ সালে রতন টাটা ও কুমার ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন তাঁকে। প্রথমে তা ফিরিয়ে দেন তিনি। পরে কোনো যোগ্য লোক না পেয়ে আবারও প্রস্তাব দেওয়া হয় তাঁকে।
সাইরাসের দাবি, দায়িত্ব নেওয়ার সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে বলে শর্ত দেন তিনি। কিন্তু রতন টাটা ও টাটা ট্রাস্ট কখনো তাঁকে তা দেননি।
চলতি সপ্তাহে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির স্বার্থবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে। সাইরাসকে সরিয়ে আগের চেয়ারম্যান রতন টাটাকে ফিরিয়ে আনা হয়।
সাইরাসের বিরুদ্ধে টাটা পরিবারের ‘মূল্যবান সম্পদ বিক্রির অভিপ্রায়ের’ অভিযোগ উঠেছে। এ ছাড়া জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় ১২০ কোটি ডলার খোয়ানোয় ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
চার বছর ধরে চেয়ারম্যান থাকার পর সাইরাস মিস্ত্রি এ পদ থেকে সরে যেতে বাধ্য হন। তিনিই টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি এ পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। বিশ্বের প্রায় ১০০টি দেশে এ গোষ্ঠীর কার্যক্রম রয়েছে।